বিশ্বকাপ ট্রফি দিয়েই দেশমকে বিদায় জানাতে চান দেম্বেলে

বিশ্বকাপ ট্রফি দিয়েই দেশমকে বিদায় জানাতে চান দেম্বেলে

উত্তরদক্ষিণ। সোমবার, ০৮ জুন, ২০২৬, আপডেট ১৫:৪৫

ফরাসি ফুটবলের এক গৌরবময় অধ্যায়ের শেষ হতে যাচ্ছে এবারের বিশ্বকাপের পর। দীর্ঘ ১৪ বছর জাতীয় দলের দায়িত্ব পালন শেষে বিদায় নেবেন কোচ দিদিয়ের দেশম। তবে তার বিদায়ের ঘোষণা ফ্রান্স দলের মনোযোগে কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি বলে জানিয়েছেন তারকা উইঙ্গার উসমান দেম্বেলে। বরং দেশমকে বিশ্বকাপ ট্রফি উপহার দিয়ে বিদায় জানাতেই আরও বেশি অনুপ্রাণিত ফরাসি ফুটবলাররা।

২০১২ সালে ফ্রান্সের দায়িত্ব নেয়া দেশম জাতীয় দলকে নতুন উচ্চতায় নিয়ে যান। তার অধীনেই ২০১৮ সালে বিশ্বকাপ জেতে ফ্রান্স। এছাড়া ২০২১ সালে উয়েফা নেশন্স লিগের শিরোপাও জিতেছে দলটি। দেশমের নেতৃত্বে ২০১৬ ইউরো ও ২০২২ বিশ্বকাপের ফাইনালে ওঠার পাশাপাশি ২০২৪ ইউরোর সেমিফাইনালেও জায়গা করে নেয় ফ্রান্স।

ইএসপিএনকে দেয়া এক সাক্ষাৎকারে দেম্বেলে বলেন, সবাই জানে এটি দেশমের শেষ টুর্নামেন্ট। ফরাসি ফুটবলে তার অবদান অসাধারণ এবং তাকে কোচ হিসেবে পাওয়া দলের জন্য গর্বের বিষয়। তিনি বিশ্বাস করেন, কোচের বিদায়ের ঘোষণা দলের মানসিকতায় কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি।

দেম্বেলের মতে, দেশম সবসময় খেলোয়াড়দের ওপর আস্থা রাখেন এবং প্রতিটি ম্যাচের পর তাদের অনুপ্রাণিত করেন। তাই কোচের শেষ টুর্নামেন্ট স্মরণীয় করে তুলতে নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত ফরাসি ফুটবলাররা।

বিশ্বকাপে ফ্রান্সকে অন্যতম শিরোপা প্রত্যাশী ধরা হলেও দেম্বেলে সতর্ক। তার মতে, আর্জেন্টিনা, স্পেন, ইংল্যান্ড, পর্তুগাল, জার্মানি ও ব্রাজিলের মতো শক্তিশালী প্রতিপক্ষ রয়েছে। কাগজে-কলমে ফেবারিট থাকলেও মাঠের লড়াইয়ে সবাই সমান।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading