রাজধানীতে সালিশি বৈঠকে ছুরিকাঘাত, প্রাণ গেল স্বেচ্ছাসেবক দল নেতার
উত্তরদক্ষিণ। সোমবার (০৮ জুন) ২০২৬, আপডেট ২২:৩০
রাজধানীর মৌচাকে সালিশি বৈঠকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম মো. বিল্লাল হোসেন তালুকদার (৫৭)। তিনি স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক এবং মহানগর দক্ষিণের সদস্য।
সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনে বিল্লালকে ছুরিকাঘাত করা হয়। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বিল্লালকে হাসপাতালে নিয়ে আসা তার ভাগিনা মো. মোবারক হোসেন আকাশ জানান, সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন মিলে প্রথমে তাকে মারধর করে। এই ঘটনার পর মামা স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদারকে ডেকে আনেন তিনি। রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে ওই মারামারির ঘটনায় সালিশি বৈঠক হচ্ছিল। তখন যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু, তার সাথে থাকা রমনা থানার সেক্রেটারি লুৎফরের সঙ্গে বিল্লালের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাবুর নেতৃত্বে তার অনুসারিরা বিল্লালকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইউডি/এবি

