তনু হত্যা: ১০ বছর পর দুই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
উত্তরদক্ষিণ। সোমবার (০৮ জুন) ২০২৬, আপডেট ২৩:০০
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
একই সঙ্গে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৮ জুন) বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক মুমিনুল হক এ আদেশ দেন।
গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সাবেক দুই সেনা সদস্য তৎকালীন কুমিল্লা সেনানিবাসে কর্মরত সার্জেন্ট জাহিদুজ্জামান (ওরফে জাহিদ) এবং সৈনিক শাহীন আলম।
তনু হত্যাকাণ্ডের সময় জাহিদ কুমিল্লা সেনানিবাসের ১২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তার বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার গড়ঘাটা এলাকায়। এরই মধ্যে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেছেন।
অন্যদিকে, সৈনিক শাহীন আলমের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। তনু হত্যার সময় তিনি কুমিল্লা সেনানিবাসের ২ সিগন্যাল ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। একটি সূত্র জানিয়েছে, বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। তার বয়স ৩৭ বছর এবং তিনিও সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন।
ইউডি/এবি

