কলকাতা পৌরসভা ভেঙে দিল পশ্চিমবঙ্গ সরকার, প্রশাসক নিয়োগ

কলকাতা পৌরসভা ভেঙে দিল পশ্চিমবঙ্গ সরকার, প্রশাসক নিয়োগ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬, আপডেট ১২:৩৩

মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের পদত্যাগের পর কলকাতা পৌরসভা (কেএমসি) ভেঙে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। একই সঙ্গে মেয়র, চেয়ারম্যান, মেয়র-ইন-কাউন্সিলের সদস্য এবং নির্বাচিত কাউন্সিলরদের সব ধরনের প্রশাসনিক ক্ষমতা প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (৮ জুন) পশ্চিমবঙ্গ সরকারের জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী, কলকাতা পৌরসভার বর্তমান মিউনিসিপ্যাল কমিশনার স্মিতা পাণ্ডেকে পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনিই পৌরসভার সব প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।

সরকারি আদেশে বলা হয়, ১৯৮০ সালের কলকাতা পৌর করপোরেশন আইনের ১১৭ ধারার ১ উপধারার আওতায় অবিলম্বে পৌরসভা ভেঙে দেওয়া হয়েছে। এর ফলে মেয়র, চেয়ারম্যান, মেয়র-ইন-কাউন্সিলের সদস্য এবং নির্বাচিত কাউন্সিলরদের পদ ও ক্ষমতা বাতিল হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের সরকারি কার্যালয় ও দায়িত্ব ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত শুক্রবার সংবাদ সম্মেলনে মেয়র পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ফিরহাদ হাকিম। এরপরই পুরবোর্ড ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। রাজ্যপালের অনুমোদনের পর সোমবার রাজ্য সরকারের তরফ থেকে চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, কলকাতা পৌর করপোরেশনের প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে মিউনিসিপ্যাল কমিশনার স্মিতা পাণ্ডেকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পৌর আইনের ১১৮ ধারার ১(খ) উপধারা অনুযায়ী, এতদিন পৌরবোর্ড, মেয়র ও মেয়র-ইন-কাউন্সিল যে ক্ষমতা ও দায়িত্ব পালন করত, সেগুলো এখন প্রশাসকের অধীনে পরিচালিত হবে।

তবে এই ব্যবস্থা সাময়িক বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সরকারি আদেশে বলা হয়েছে, প্রশাসক সর্বোচ্চ ছয় মাস দায়িত্ব পালন করতে পারবেন। এর মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন হয়ে নতুন বোর্ড দায়িত্ব গ্রহণ করলে প্রশাসকের মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে শেষ হবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading