প্রশাসনে রদবদল: ৯ যুগ্ম সচিবকে প্রেষণে বদলি, ২ জনের পদায়ন

প্রশাসনে রদবদল: ৯ যুগ্ম সচিবকে প্রেষণে বদলি, ২ জনের পদায়ন

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১২ জুন, ২০২৬, আপডেট ১৮:৩৩

প্রশাসনে গতিশীলতা আনতে বিসিএস (প্রশাসন) ক্যাডারের যুগ্ম সচিব পদমর্যাদার ৯ কর্মকর্তাকে প্রেষণে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করেছে সরকার। একই সঙ্গে আরও ২ জন যুগ্ম সচিবের পদে রদবদল করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রশাসনিক কাজের গতি বৃদ্ধি এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ পাটকল করপোরেশনের পরিচালক এরশাদ হোসেন খানকে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) করা হয়েছে এবং তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ডি এম আতিকুর রহমানকে নবগঠিত ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদফতর’-এর মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়ে তার চাকরি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। রাজশাহী বিভাগের কৃষি বিপণন কার্যালয়ের উপপরিচালক বেগম শাহানা আখতার জাহানকে রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে এবং তার চাকরি ন্যস্ত করা হয়েছে স্থানীয় সরকার বিভাগে।

একই আদেশে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জহিরুল ইসলাম খানকে সরকারি আবাসন পরিদফতরের পরিচালক এবং পরিবেশ অধিদফতরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেনকে ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) করা হয়েছে। সৈয়দ ফরহাদ হোসেনের চাকরি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এ ছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত যুগ্ম সচিব মো. অলিউর রহমানকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর পরিচালক হিসেবে নিয়োগ দিয়ে তার চাকরি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে ন্যস্ত করা হয়েছে। আর প্রেষণে দায়িত্ব পালন শেষে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানকারী যুগ্ম সচিব মো. আবুল হোসেনকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি (নাডা)-এর এমডিএস হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

প্রেষণে এই নিয়োগগুলো ছাড়াও আরও দুজন কর্মকর্তার পদে পরিবর্তন এনেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (রউক) চেয়ারম্যান হিসেবে কর্মরত যুগ্ম সচিব এস এম তুহিনুর আলমকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক মো. সাবেক আলীকে বদলি করে একই বিভাগের অর্থাৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading