নাম-জন্ম তারিখ সংশোধনের আবেদন বাড়ায় উদ্বিগ্ন ঢাকা শিক্ষা বোর্ড

নাম-জন্ম তারিখ সংশোধনের আবেদন বাড়ায় উদ্বিগ্ন ঢাকা শিক্ষা বোর্ড

উত্তরদক্ষিণ। সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, আপডেট ১৫:৫৮

শিক্ষার্থীদের নিজ নাম, বাবা-মায়ের নাম ও জন্মতারিখ সংশোধনের আবেদন দিন দিন বাড়ছে। শিক্ষা জীবনের বিভিন্ন পর্যায়ে এসব গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তনের প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে তথ্য দেওয়ার ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক থাকতে বলেছে বোর্ড।

সোমবার (৩১ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীর নাম, পিতা-মাতার নাম ও জন্মতারিখের মতো গুরুত্বপূর্ণ তথ্য সংশোধনের আবেদন ক্রমেই বাড়ছে। বিশেষ করে শিক্ষা জীবনের বিভিন্ন পর্যায়ে এসব তথ্য পরিবর্তনের প্রবণতা উদ্বেগজনক। ভুল তথ্যের কারণে ভবিষ্যতে শিক্ষা, চাকরি ও সরকারি নথিপত্রে জটিলতা তৈরি হতে পারে।

শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশনের সময় জন্মনিবন্ধন সনদসহ প্রয়োজনীয় প্রমাণিক দলিল যাচাই করে তথ্য লিপিবদ্ধ করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে বোর্ড। একই সঙ্গে বোর্ডে তথ্য পাঠানোর আগে তা সঠিক কিনা নিশ্চিত করতে বলা হয়েছে। এক্ষেত্রে গাফিলতি পাওয়া গেলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অভিভাবকদের সন্তানের বয়স কমানো বা বাড়ানো, নাম পরিবর্তন কিংবা অন্য কোনো সুবিধা নেওয়ার উদ্দেশ্যে ভুল বা অসত্য তথ্য না দেওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

এ ছাড়া রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফরম পূরণের সময় নিজের নাম, জন্মতারিখ এবং বাবা-মায়ের নামসহ সব তথ্য ভালোভাবে যাচাই করতে শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ভুল ধরা পড়লে তাৎক্ষণিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

বোর্ড বলছে, ফলাফল বা সনদ প্রকাশের পর তথ্য সংশোধনের উদ্যোগ নিলে প্রক্রিয়াটি আরও জটিল হতে পারে। নাম, বাবা-মায়ের নাম ও জন্মতারিখ সংশোধনের আবেদন যথাযথ কারণ ও প্রামাণিক দলিলের ভিত্তিতে হতে হবে। ব্যক্তিগত সুবিধা, চাকরির বয়সসীমা, বিদেশ যাওয়া বা অন্য কোনো উদ্দেশ্যে তথ্য পরিবর্তনের চেষ্টা গ্রহণযোগ্য নয়।

সংশ্লিষ্ট সবাইকে শিক্ষা জীবনের শুরুতেই সঠিক তথ্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading