জেনেভায় রবিবার স্বাক্ষর হতে পারে ইরান-আমেরিকা শান্তিচুক্তি

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১২ জুন, ২০২৬, আপডেট ১৯:৩০

যুদ্ধ অবসানের লক্ষ্যে আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান আগামী রবিবার (১৪ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হতে পারে।

সংশ্লিষ্ট বিষয়ে অবগত তিনটি সূত্র সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে পারে এমন একটি ‘বড় ধরনের সমঝোতার’ কথা উল্লেখ করেন।

তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই চুক্তিটি চূড়ান্ত হতে পারে এবং ইউরোপে অনুষ্ঠিত সম্ভাব্য স্বাক্ষর অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অংশ নিতে পারেন।

তবে ইরানের কর্মকর্তারা এখনও কোনো চূড়ান্ত চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেননি। কূটনৈতিক আলোচনার বিষয়ে অবগত দুটি সূত্র জানিয়েছে, স্বাক্ষর অনুষ্ঠান জেনেভায় হওয়ার সম্ভাবনাই বেশি। আগামী সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠেয় জি-৭ সম্মেলনে যোগ দিতে ট্রাম্প ও মার্কিন প্রতিনিধিদল ইউরোপে থাকবেন।

একটি সূত্র জানায়, স্বাক্ষর অনুষ্ঠানটি কূটনৈতিক আলোচনার ‘দ্বিতীয় ধাপ’ শুরুর ইঙ্গিত দেবে। এরপর সমঝোতা স্মারক বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে কর্মকর্তারা কাজ শুরু করবেন।

একাধিক সূত্র জানিয়েছে, প্রস্তাবিত এই সমঝোতা স্মারকের নাম ‘ইসলামাবাদ ঘোষণা’ রাখা হতে পারে। মধ্যস্থতায় পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবেই এই নাম বিবেচনা করা হচ্ছে।

তবে এখনও কোন বিষয়ই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। একটি ইরানি সূত্র জানিয়েছে, সম্ভাব্য স্বাক্ষরস্থল হিসেবে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাও বিবেচনায় রয়েছে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি কূটনৈতিক সূত্র সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছে, আমেরিকা ও ইরানের মধ্যে প্রস্তাবিত অন্তর্বর্তী চুক্তির আওতায় যুদ্ধবিরতির মেয়ার বাড়ানো, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আলোচনার পথ তৈরি করা।

একজন শীর্ষ ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, চুক্তির খসড়ায় ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, কোটি কোটি ডলারের আটকে রাখা সম্পদ ছাড় এবং লেবাননসহ সব ফ্রন্টে হামলা বন্ধের বিষয় থাকবে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, আগামীকাল শনিবারের মধ্যে চুক্তির ভাষা চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নিজ নিজ দেশের পক্ষে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ চুক্তিতে সই করবেন বলে ধারণা করা হচ্ছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading