ট্রাম্পের জন্মদিন আজ, হোয়াইট হাউসে ‘কেজ-ফাইটিং’-এর আয়োজন!
উত্তরদক্ষিণ। রবিবার, ১৪ জুন, ২০২৬, আপডেট ১৫:৪০
আমেরিকার ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়া ডনাল্ড ট্রাম্প রবিবার (১৪ জুন) তার ৮০তম জন্মদিন উদ্যাপন করছেন এক নজিরবিহীন আয়োজনের মাধ্যমে। হোয়াইট হাউসের সাউথ লনে অনুষ্ঠিত হচ্ছে ‘ইউএফসি ফ্রিডম ২৫০’ নামে এক বিশেষ মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) প্রতিযোগিতা।
গণমাধ্যমের তথ্যানুসারে, এই অনুষ্ঠানে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি)-এর ১৪ জন তারকা যোদ্ধা অংশ নিচ্ছেন। তারা বিশালাকৃতির ‘দ্য ক্ল’ (The Claw) নামের অস্থায়ী এরিনার নিচে একে অপরের মুখোমুখি হবেন।
প্রায় ৬ কোটি আমেরিকার ডলার ব্যয়ে আয়োজিত এই অনুষ্ঠানকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তবে একই দিনে ট্রাম্পের ৮০তম জন্মদিন হওয়ায় অনেকের মতে এটি মূলত তার ব্যক্তিগত উদ্যাপনকেও কেন্দ্র করে আবর্তিত হচ্ছে।
সমালোচকরা হোয়াইট হাউসের মতো ঐতিহাসিক স্থানে এমন সহিংস ক্রীড়া আয়োজনের সমালোচনা করেছেন। তাদের মতে, ইরানের সঙ্গে চলমান সংঘাত এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এ ধরনের আয়োজন রুচিসম্মত নয়।
ট্রাম্পের ঘনিষ্ঠ মহল আবার বলছে, তার জন্মদিনেই ইরানের সঙ্গে বহু প্রতীক্ষিত শান্তি চুক্তির সম্ভাবনা রয়েছে। যদিও তেহরান এ সময়সূচি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।
ইউএফসির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকা ট্রাম্প এই আয়োজনকে এক অনন্য জাতীয় অনুষ্ঠান হিসেবে বর্ণনা করেছেন। মে মাসে ওভাল অফিসে কয়েকজন যোদ্ধাকে আতিথ্য দেয়ার সময় তিনি বলেছিলেন, ‘এটি এমন একটি অনুষ্ঠান হতে যাচ্ছে, যা সত্যিই আপনাদের ভালো লাগবে।’
পুরো অনুষ্ঠানের ব্যয় ইউএফসি বহন করছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
ইউএফসির প্রধান কনটেন্ট কর্মকর্তা ক্রেগ বোরসারি ক্রীড়া ও রাজনীতিকে একসঙ্গে মিশিয়ে দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা এটিকে আমাদের দেশ এবং আমাদের ক্রীড়াবিদদের উদ্যাপনের এক অসাধারণ সুযোগ হিসেবে দেখছি।’
প্রতিবেদন অনুসারে, অনুষ্ঠানে নাটকীয়তার ছোঁয়া আনতে কয়েকজন শীর্ষ যোদ্ধা সরাসরি ওভাল অফিস থেকে বের হয়ে ঐতিহাসিক সাউথ লনের দিকে মিছিল করে আসবেন বলে জানা গেছে। মূল লড়াইগুলো অনুষ্ঠিত হবে ‘অক্টাগন’-এ, যা আট কোণা তারের জালঘেরা একটি খাঁচা। এর চারপাশে চার হাজারের বেশি দর্শকের বসার ব্যবস্থা করা হয়েছে।
রবিবারের প্রতিযোগিতায় অংশ নেয়া ইউএফসি যোদ্ধা মাইকেল চ্যান্ডলার এটিকে ‘যুদ্ধভিত্তিক ক্রীড়ার ইতিহাসের সবচেয়ে বড় ইভেন্ট’ বলে উল্লেখ করেছেন।
ফরাসি ফাইটার সিরিল গেনও বলেছেন যে তিনি খেলার দিকটির ওপরই মনোযোগ দিচ্ছেন। তিনি চলতি মাসের শুরুতে এএফপি-কে বলেন, ‘আমরা রাজনীতির সঙ্গে কোনোভাবেই জড়িত নই। তবে বিশ্ববাসীর সামনে নিজেদের তুলে ধরার সুযোগ পেয়েছি, সেটি কাজে লাগাতে হবে।’
সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর তথ্য অনুযায়ী, প্রতিটি লড়াইয়ের বিরতিতে আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে ঐতিহাসিক দৃশ্যপট ও সংক্ষিপ্ত উপস্থাপনা দেখানো হবে। এছাড়া সামরিক ব্যান্ডের পরিবেশনা, যুদ্ধবিমানের ফ্লাইওভার, প্যারাশুট প্রদর্শনী এবং ১০ মিনিটের আতশবাজির আয়োজন থাকবে।
এদিকে অনুষ্ঠানটি বন্ধ করার জন্য দুই স্থানীয় বাসিন্দার করা আবেদন গেল শুক্রবার এক ফেডারেল বিচারক খারিজ করে দিয়েছেন। তাদের অভিযোগ ছিল, এই আয়োজন স্বার্থের সংঘাত ও দুর্নীতির সঙ্গে জড়িত।
বিশ্লেষকদের মতে, এই আয়োজন ট্রাম্পের রাজনৈতিক শৈলীরই প্রতিফলন।
সূত্র: তুর্কিয়ে টুডে
ইউডি/কেএস

