অসম্ভব একটা চাপ অনুভব করছি দায়িত্বে: প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১৬ জুন) ২০২৬, আপডেট ২৩:৫৫
নানা সমস্যা, সীমাবদ্ধতা আর মানুষের প্রত্যাশার ‘অসম্ভব চাপ’ সামলাতে গিয়ে দম ফেলার ফুরসত পাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাবা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মত তারও মনে হচ্ছে, ২৪ ঘণ্টার বদলে ৪৮ ঘণ্টার হলে হয়ত আরো বেশি কাজ করা যেত।
মঙ্গলবার বিকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।
একজন সাংবাদিকের প্রশ্ন ছিল: “নতুন সরকার, ২০ বছর পরে বিএনপি সরকারে। এই চার মাসে প্রাইম মিনিস্টার হিসেবে আপনি কেমন বোধ করছেন?”
জবাবে তারেক রহমান বলেন, এখানে একজন (সাংবাদিক) তার বক্তব্যে বলেছেন, উনি নির্বাচনের পরে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, উনি মানুষের চোখে-মুখে যেটা (খুশি) দেখেছেন, আমার মনে হয় একই জিনিস আমিও দেখেছি।
“এটা নিয়ে অনেকে অনেক রকম অর্থ করতে পারে। বাট অবশ্যই দায়িত্বের একটা চাপ অসম্ভবভাবে অনুভব করছি। প্রচুর সমস্যা, প্রচুর লিমিটেশনস… অ্যাট দা সেইম টাইম, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা অনেক বেশি। সো অসম্ভব একটা চাপ অনুভব করছি দায়িত্বে।”
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন ভেঙে গতবছর ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নেন। তার নেতৃত্বেই গত ফেব্রুয়ারির নির্বাচনে জিতে ২০ বছর পর ক্ষমতায় আসে বিএনপি। ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, “আব্বা একসময় উনার একজন সহকর্মীকে বলেছিলেন, দিনটা যদি ২৪ ঘণ্টার বদলে ৪৮ ঘণ্টা হত, তাহলে আমরা আরেকটু বেটার কাজ করতে পারতাম।”
ইউডি/এবি

