মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা
উত্তরদক্ষিণ। বুধবার, ১৭ জুন, ২০২৬, আপডেট ০৭:৩০
শুরুতেই স্কোরশিটে নাম তুলেছিলেন রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার সেই গোল অফসাইডে বাতিল হয়ে যায়। আলজেরিয়ার একটিও গোলও একই ফল দেখেছিল। তবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। ১৬ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটে মেসিই এগিয়ে দিলেন আলবিসেলেস্তেদের।
ম্যাচের নবম মিনিটে জালে বল পাঠিয়েছিল আলজেরিয়া। তবে রিভিউয়ের পর অফসাইডের কারণে সেই গোল বাতিল করেন রেফারি। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলে আর্জেন্টিনা।
এই ধাক্কার পর দ্রুতই নিজেদের গুছিয়ে নেয় লিওনেল স্কালোনির দল। মাঝমাঠে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টারদের নিয়ন্ত্রণে ধীরে ধীরে ম্যাচের দখল নেয় তারা।
ডি পলের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন অধিনায়ক লিওনেল মেসি।
এর আগে ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলছিল আলজেরিয়া। কয়েকটি বিপজ্জনক আক্রমণও তৈরি করেছিল তারা। তবে গোল বাতিল হয়ে যাওয়ার পর কিছুটা ছন্দ হারায় দলটি।
এছাড়া দেশের জার্সিতে ২০০তম ম্যাচ খেলার এক অনন্য মাইলও স্পর্শ করেছেন লিওনেল মেসি। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং কুয়েতের বাদের আল-মুতাভার পর তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
২০২২ বিশ্বকাপে ১০ নম্বর জার্সিতে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা জেতান মেসি। এবারের আসরেও তার নেতৃত্বেই ট্রফি ধরে রাখার মিশনে নামবছে আলবিসেলেস্তেরা। এবারও ১০ নম্বর জার্সিতে খেলতে নেমেছেন মেসি। নিজের ষষ্ঠ বিশ্বকাপে রেকর্ডসংখ্যক পঞ্চমবার এই জার্সি পরে খেলছেন তিনি। এতে তিনি পেছনে ফেলছেন ডিয়েগো ম্যারাডোনাকে। ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক চারটি আসরে ১০ নম্বর গায়ে দিয়েছিলেন।
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ইতোমধ্যে নিজের দখলে রেখেছেন মেসি। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ সাল মিলিয়ে এখন পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে ২৭তম খেলছেন তিনি। এবার সেই সংখ্যাটা নিশ্চিতভাবেই আরও বাড়বে। ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারেন তিনি।
অন্যদিকে, ফুটবল বিশ্বকাপে ১৩টি গোল করেছেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ড রয়েছে জার্মানির মিরোস্লাভ ক্লোসার। ১৬টি গোল করেছেন তিনি। আর চারটি গোল করলেই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক হবেন তিনি। গ্রুপ পর্বেই আর্জেন্টিনার হয়ে এই রেকর্ড গড়তে পারেন মেসি।
ইউডি/কেএস

