‘হ্যাঁ, আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় যুগল’: ফ্রান্সে আবারও মিললেন মোদি-মেলোনি
উত্তরদক্ষিণ। বুধবার, ১৭ জুন, ২০২৬, আপডেট ১২:৫৫
ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার ইতালীয় প্রতিপক্ষ জর্জিয়া মেলোনি মানেই সোশ্যাল মিডিয়ায় হইচই। এর আগে বেশ কয়েকটি অনুষ্ঠানে তাদের ‘বন্ধুত্ব’ বিশেষ নজর কাড়ে সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের। বিশ্বনেতাদের বৈঠকগুলোতে, কাজের ফাঁকে তাদের আলাপচারিতা, কখনও ভ্রমণ বা ঘুরে বেড়ানোর ছবি ভাইরাল হয়, যা তাদের ব্যক্তিগত রসায়নকে আরও দৃঢ় করে।
মঙ্গলবার ফ্রান্সের এভিয়ান-লে-বেঁ-তে গ্রুপ অফ সেভেন (জি৭)-এর নেতারা প্রধান বৈশ্বিক চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করতে একত্র হয়েছিলেন।
তার মধ্যে ইউক্রেনের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত এবং আমেরিকা ও ইরানের মধ্যে যুগান্তকারী চুক্তিকে স্বাগত জানানোর ছিল উল্লেখযোগ্য। এরই মধ্যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার ইতালীয় প্রতিপক্ষ জর্জিয়া মেলোনির মধ্যকার একটি সংক্ষিপ্ত আলাপচারিতা সোশ্যাল মিডিয়ায় সবার দৃষ্টি আকর্ষণ করেছে এবং ‘মেলোডি’ গুঞ্জনটি আবার ফিরে এসেছে।
একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পসহ অন্যান্য নেতাদের সঙ্গে গ্রুপ ফটো তোলার জন্য লাইনে দাঁড়ানোর ঠিক আগে প্রধানমন্ত্রী মোদি ও মেলোনি একে অপরকে শুভেচ্ছা জানিয়ে হাত মেলাচ্ছেন। যদিও অডিওটি খুব স্পষ্ট নয়, তবে মনে হচ্ছে প্রধানমন্ত্রী মোদি, মেলোনিকে সোশ্যাল মিডিয়ায় তাদের জনপ্রিয়তার কথা উল্লেখ করেছেন।
এর জবাবে ইতালির প্রধানমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় যুগল।’
প্রায় এক মাস আগে প্রধানমন্ত্রী মোদি রোম সফরের সময় ভাইরাল হওয়া ‘মেলোডি’ শব্দটির সূত্র ধরে, মেলোনিকে পার্লে-র মেলোডি টফির একটি প্যাকেট উপহার দেন। মোদির এই মিষ্টি অঙ্গভঙ্গির ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করে মেলোনি লিখেছেন, উপহারটির জন্য ধন্যবাদ।
পোস্টটিতে মোদি এবং মেলোনি দুজনকেই জনপ্রিয় ইন্ডিয়ান ক্যান্ডির একটি প্যাকেট হাতে ধরে থাকতে দেখা যায়, যা তার ভেরি, ভেরি চকোলেটি ট্যাগলাইনের জন্য পরিচিত। তারা এই আনন্দদায়ক ইন্টারনেট ট্রেন্ডটি নিয়ে হাসছিলেন। ক্লিপটিতে ইতালীয় প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মোদি উপহার হিসেবে একটি খুব, খুব ভালো টফি এনেছেন।
২০২৩ সালে তাদের দ্বিপাক্ষিক বৈঠকের পর, মেলোনি ও মোদি নামের মিশ্রণ ‘মেলোডি’ শব্দটি একটি ইন্টারনেট কৌতুক হিসেবে শুরু হয়। বহুপাক্ষিক শীর্ষ সম্মেলনে দুই নেতার মধ্যকার উষ্ণ ও স্বতঃস্ফূর্ত মুহূর্তগুলো তুলে ধরে এমন অনেক ভাইরাল ক্লিপ ও মিমে প্রায়শই ব্যবহৃত এই শব্দটি লক্ষ লক্ষ ভিউ অর্জন করেছে।
এছাড়া মেলোনি ২০২৪ সালে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একটি সেলফিসহ একটি পোস্টে প্রথম এই শব্দটি ব্যবহার করেছিলেন। তিনি এক্স-এ পোস্ট করেছিলেন, ‘হাই বন্ধুরা, #মেলোডি-র পক্ষ থেকে।’ ২০২৫ সালের জুন মাসে, তিনি জি৭ শীর্ষ সম্মেলনের আলাপচারিতা থেকে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একটি সেলফি ভিডিও পোস্ট করেন এবং এর ক্যাপশন দেন: হ্যালো, মেলোডি টিমের পক্ষ থেকে।
তারপর থেকে, বৈশ্বিক অনুষ্ঠানগুলোতে এ মোদি-মেলোনির স্বতঃস্ফূর্ত উপস্থিতি দুই নেতার মধ্যে উষ্ণ ব্যক্তিগত রসায়নের ধারণাকে আরও দৃঢ় করে।
তবে, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী-মেলোনির এই বন্ধন নিছক ছবি তোলার সুযোগ নয়; এটি একটি চলমান পররাষ্ট্রনীতি। ইতালি ইন্ডিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশ্বিক অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে এবং উভয় দেশই ইন্ডিয়া-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নের জন্য কাজ করছে, যা রোমকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ইউরোপের প্রবেশদ্বার হিসেবে প্রতিষ্ঠা করেছে। প্রতিবেদনে বলা হয়।
দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ১৬.৭৭ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।
গত মাসে, প্রধানমন্ত্রী মোদি তার পাচ-দেশ সফরের শেষ পর্যায়ে নৈশভোজে মেলোনির সঙ্গে দেখা করেন। তারা বিখ্যাত কলোসিয়াম পরিদর্শন করেন, তাদের ভ্রমণ ও সময় কাটানোর বেশ কয়েকটি ছবি, সেলফি ভিডিও শেয়ার করেন
ইউডি/রেজা

