সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী: ‘সংসদ নাই আজকে? সংসদে যান’

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী: ‘সংসদ নাই আজকে? সংসদে যান’

উত্তরদক্ষিণ। বুধবার, ১৭ জুন, ২০২৬, আপডেট ১৩:৪৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ডের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে পৌঁছে এ অঞ্চলের সংসদ সদস্যদের বিমানবন্দরে দেখে তাদের দ্রুত সংসদে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সকাল (১৭ জুন) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তাকে বিমানবন্দরে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির নেতাকর্মীরা।

স্বাগত অনুষ্ঠানের এক পর্যায়ে সিলেট ও হবিগঞ্জের সংসদ সদস্যদের বিমানবন্দরে দেখে অবাক হন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে শোনা যায়, “সংসদ নাই আজকে? সংসদে যান। আমি মৌলভীবাজার যাব আপনাদের এখানে কোন কাজ নাই, আপনারা সংসদে যান।”

এদিকে, বিমানবন্দর থেকে শহরের উদ্দেশে রওনা হলে চৌকিদেখি এলাকার লাক্কাতুড়া চা বাগানসংলগ্ন সড়কে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান চা শ্রমিকরা। সবুজ চা বাগানের পটভূমিতে বৃষ্টিকে উপেক্ষা করে বাদ্যযন্ত্র বাজিয়ে এবং গাড়ির ওপর ফুল ছিটিয়ে তাকে স্বাগত জানান তারা।

এরপর একই স্থানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। চৌকিদেখি পয়েন্টে ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা জানান। এ সময় সিলেট মহানগর বিএনপির সহসভাপতি জিয়াউল গনি আরিফিন জিল্লুর ও সাদিকুর রহমান সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার ও মাহবুবুল হক চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব উপস্থিত ছিলেন।

চৌকিদেখির পাশাপাশি নগরীর আরও তিনটি গুরুত্বপূর্ণ স্থানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়া বিপুল সংখ্যক সাধারণ মানুষও সড়কের দুই পাশে অবস্থান নিয়ে হাত নেড়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত জনতার অভিবাদনের জবাব দেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading