এইচএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা
উত্তরদক্ষিণ। বুধবার, ১৭ জুন, ২০২৬, আপডেট ১৭:১০
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোর আশপাশের যানজট ও জনদুর্ভোগ কমাতে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
বুধবার (১৭ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা ২০২৬-এর কেন্দ্রগুলোর আশপাশের যানজট ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে কেবল পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষভাবে অনুরোধ করা হলো। তবে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ ও প্রবেশ সংক্রান্ত আগের যে নির্দেশনা ছিল, তা যথারীতি বহাল থাকবে।
ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি ও সমমান পরীক্ষার সব কেন্দ্র প্রধান ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
এ বিষয়ে প্রয়োজনীয় অবগতি ও কার্যার্থের জন্য অনুলিপি পাঠানো হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দফতরে।
ইউডি/রেজা

