এনআইডি সার্ভারের ঝুঁকি চিহ্নিত করতে আইটি অডিট করবে ইসি

এনআইডি সার্ভারের ঝুঁকি চিহ্নিত করতে আইটি অডিট করবে ইসি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, আপডেট ০৯:২০

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারের নিরাপত্তা জোরদারে ঝুঁকি চিহ্নিতকরণ ও আইটি অডিটের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের আইটি সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে ভিএপিটি এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই সিস্টেমের পূর্ণাঙ্গ আইটি অডিট করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুন) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নির্বাহী পরিচালককে পাঠানোর ইসির রক্ষণাবেক্ষণ প্রকৌশলী মোহাম্মদ সোহাগের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ভোটার নিবন্ধন সিস্টেমের সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সম্ভাব্য সাইবার ঝুঁকি শনাক্ত ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের লক্ষে সংশ্লিষ্ট সার্ভার ও অ্যাপ্লিকেশনসমূহের ভার্নারাবিলিটি অ্যাসেসমেন্ট আন্ড পেনেট্রেশন টেস্টিং (ভিএপিটি) সম্পাদনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভোটার নিবন্ধন সিস্টেমের সংশ্লিষ্ট সার্ভার ও অ্যাপ্লিকেশনগুলোর ভিএপিটি সম্পাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে ইসি।

এদিকে অডিট অধিদপ্তরের মহাপরিচালকে নির্বাচন কমিশনের প্রোগ্রামার মো. সেলিম উল আলমের পাঠানো চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের আইটি ও জনসেবা অডিট অধিদপ্তরের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এর আইটি সিস্টেমের আইডি অডিট সম্পন্নের জন্য ইতোপূর্বে বাংলাদেশ কম্পট্রোলার এবং অডিটর জেনারেল বরাবর পত্র প্রেরণ করা হয়। সে প্রেক্ষিতে ওই অডিট সম্পন্নের জন্য একটি কমিটি গঠন করা হলেও পরবর্তীতে এ বিষয়ে আর কোনো অগ্রগতি হয়নি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিস্টেম হিসেবে এনআইডি সিস্টেমের আইটি অডিট সম্পন্ন করা জরুরি। তাই অডিট সম্পন্ন করার জন্য নির্দেশনা দিয়েছেন কমিশন।

ইসি কর্মকর্তারা জানান, প্রায় ১৩ কোটি ভোটারের তথ্যের নিরাপত্তা আরও নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading