প্রথমার্ধে ডিআর কঙ্গোর সঙ্গে ১–১ গোলে সমতায় পর্তুগাল
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, আপডেট ০০:৪৩
শুরুতে এগিয়ে গেলেও সেই লিড ধরে রাখতে পারেনি পর্তুগাল। ম্যাচের ষষ্ঠ মিনিটেই পর্তুগালকে গোল এনে দেন জোয়াও নেভেস। তবে পাল্টা আক্রমণে সমতায় ফেরে ডিআর কঙ্গো। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দুর্দান্ত গোলে ডিআর কঙ্গোকে সমতা ফেরান ইয়োনে উইসা।
শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় পর্তুগাল। ম্যাচের ৬ মিনিটেই পেদ্রো নেতোর নিখুঁত ক্রস থেকে জোয়াও নেভেস হেডে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। গোলের পরও বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে পর্তুগাল।
তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচে ফিরতে শুরু করে ডিআর কঙ্গো। রক্ষণে অধিনায়ক চানসেল বেমবার দৃঢ়তা এবং আক্রমণে ইয়োয়ানে উইসার প্রচেষ্টায় আফ্রিকান দলটি কয়েকবার সুযোগ তৈরির চেষ্টা করে।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে কর্নার থেকে সমতায় ফেরে ডিআর কঙ্গো। ডান দিক থেকে আসা বল ফার পোস্টে পেয়ে সম্পূর্ণ ফাঁকায় থাকা উইসা শক্তিশালী হেডে জালে পাঠান। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম গোলের দেখা পায় ডিআর কঙ্গো। ৫২ বছর পর বিশ্বকাপে ফিরে প্রথম গোলেই পর্তুগালের বিপক্ষে ১-১ সমতায় ফেরে দলটি।
এদিকে ডিআর কঙ্গোর বিপক্ষে মাঠে নেমে লিওনেল মেসির পর দ্বিতীয় ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে খেলার কীর্তি গড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০০৬ সালে বিশ্বকাপে অভিষেক হওয়া রোনালদো এরপর ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং এখন ২০২৬ আসরেও খেলছেন।
আগের পাঁচ বিশ্বকাপ মিলিয়ে ২২ ম্যাচে ৮ গোল করেছেন তিনি। তবে রেকর্ড গড়া ম্যাচের প্রথমার্ধে ছিলেন অনেকটাই নিষ্প্রভ। মাত্র ১৭ বার বলে স্পর্শ করেছেন, যা পর্তুগাল দলের অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে কম।
অন্যদিকে ম্যাচে নামার আগে বড় ধাক্কা খেয়েছে পর্তুগাল। দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার রুবেন দিয়াজ চোটের কারণে ডিআর কঙ্গোর বিপক্ষে খেলতে পারছেন না। তার অনুপস্থিতিতে রক্ষণভাগে কিছুটা অস্বস্তিও দেখা গেছে, যার সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধের শেষ মুহূর্তে সমতায় ফিরেছে ডিআর কঙ্গো।
ইউডি/কেএস

