ডা. জোবাইদা রহমানের ৫৫তম জন্মদিন আজ

ডা. জোবাইদা রহমানের ৫৫তম জন্মদিন আজ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, আপডেট ১৪:৫৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও প্রখ্যাত হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমানের ৫৫তম জন্মদিন আজ।

১৯৭২ সালের এই দিনে সিলেটে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী ছিলেন বাংলাদেশের ৩য় নৌবাহিনী প্রধান, যিনি ১৯৭৯ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে সরকারের যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় ডা. জোবাইদা রহমান শিক্ষা ও চিকিৎসাসেবায় অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা শাস্ত্রে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অধিকার করে সরকারি চাকরিতে যোগদান করেন। এর আগে ১৯৯৩ সালে পারিবারিকভাবে তারেক রহমানের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। পরবর্তীতে ডা. জোবাইদা রহমান লন্ডনের মর্যাদাপূর্ণ ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে মেডিসিন বিভাগে অধ্যয়ন করে রেকর্ড নম্বর ও স্বর্ণপদকসহ সম্মানজনক ‘এমএসসি’ ডিগ্রি লাভ করেন এবং বর্তমানে তিনি প্রি কার্ডিওলজি বিষয়ে উচ্চতর গবেষণা চালিয়ে যাচ্ছেন।

২০০৮ সালে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারোলে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য লন্ডন গমন করলে ডা. জোবাইদা রহমান শিক্ষা ছুটি নিয়ে স্বামীর চিকিৎসার তত্ত্বাবধানের উদ্দেশ্যে তার সঙ্গী হন। পরবর্তীতে স্বামীর চিকিৎসাদিন প্রক্রিয়া শেষ না হওয়ার কারণ দেখিয়ে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার বিধি মোতাবেক ছুটি বাড়ানোর আবেদন পেশ করেছিলেন। তবে রাজনৈতিক বিবেচনার কারণে সংশ্লিষ্ট স্বাস্থ্য মন্ত্রণালয় তার সেই ছুটি মঞ্জুর করেনি এবং দীর্ঘ অনুপস্থিতির অজুহাত দেখিয়ে পরবর্তীতে তাকে সরকারি চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। বর্তমানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. জোবাইদা রহমান।

২০২৫ এর ডিসেম্বরে দীর্ঘদিন পর যখন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে আসেন, তখন স্ত্রী ডা. জোবাইদা রহমানও সাথে আসেন। বর্তমানে নানা কার্যক্রমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গী হয়ে তিনি কাজ করছেন।

এবারের জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে রাজধানীতে দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বুধবার (১৭জুন) এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ১৮ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর মহাখালীর ওয়্যারলেস গেইট এলাকায় অবস্থিত টিএন্ডটি মহিলা কলেজ প্রাঙ্গণে এই সেবামূলক কর্মসূচির বিস্তারিত আয়োজন অনুষ্ঠিত হবে।

দিনব্যাপী কর্মসূচির বিবরণী থেকে জানা যায় যে, বৃহস্পতিবার (১৮ জুন) সকালের শুরুতেই ডা. জুবাইদা রহমানের দীর্ঘায়ু, উত্তরোত্তর সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে পবিত্র কোরআন খতম এবং এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এর পরপরই সমাজের অসহায়, দুস্থ ও পথশিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি ফ্রি হেলথ চেক-আপ বা স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণের কার্যক্রম পরিচালনা করা হবে।

এই মানবিক ও সেবামূলক উদ্যোগের অংশ হিসেবে দুপুরে অনুষ্ঠানে উপস্থিত সকল পথশিশুদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন ও বিশেষ আপ্যায়নের সুব্যবস্থা রাখা হয়েছে। এর পাশাপাশি সার্বিক পরিবেশ সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির অনন্য লক্ষ্যে কলেজ প্রাঙ্গণে একটি নিম গাছ রোপণ কর্মসূচিরও বিশেষ আয়োজন করা হয়েছে। মূলত ডা. জুবাইদা রহমানের জন্মদিনকে কেন্দ্র করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই সেবামূলক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে ।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading