ইরানের সঙ্গে যুদ্ধের পর আমেরিকার অবস্থা এখন আরও খারাপ: বারাক ওবামা
উত্তরদক্ষিণ। শনিবার, ২০ জুন, ২০২৬, আপডেট ০৯:০০
ইরানের সঙ্গে ১৫ সপ্তাহব্যাপী যুদ্ধের পর আমেরিকা সংঘাত শুরুর আগের তুলনায় আরও খারাপ অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার সম্প্রচারিত এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
শিকাগোতে ওবামা প্রেসিডেনশিয়াল সেন্টারের উদ্বোধনের আগে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ পরিচালনায় শত শত কোটি ডলার ব্যয় হয়েছে, সামরিক বাহিনীর ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে এবং বহু মানুষের প্রাণহানি ঘটেছে। তবে এত কিছুর পরও আমেরিকা কার্যত যুদ্ধ শুরুর আগের অবস্থানেই ফিরে এসেছে, এমনকি কিছু ক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
চলতি সপ্তাহে প্যারিসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক প্রসঙ্গেও কথা বলেন ওবামা। তিনি বলেন, যুদ্ধবিরতি কার্যকর হতে দেখে তিনি সন্তুষ্ট এবং এটি দীর্ঘস্থায়ী হবে বলেই আশা করছেন।
ইরান যুদ্ধের যৌক্তিকতা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন তুলে আসা ওবামা আবারও ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদের একটি সিদ্ধান্তের সমালোচনা করেন। তার মতে, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে আমেরিকার সরে আসার সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
ওবামা বলেন, ওই চুক্তির আওতায় ইরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি সীমিত রাখতে সম্মত হয়েছিল এবং এর বিনিময়ে আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল। কিন্তু আমেরিকার চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান আরও বেশি পারমাণবিক সক্ষমতা অর্জনের পথে এগিয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ড সফর স্থগিত করেছেন। সেখানে ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যু নিয়ে নতুন দফা আলোচনায় নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।
সূত্র: দ্য গার্ডিয়ান।
ইউডি/কেএস

