সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

উত্তরদক্ষিণ। সোমবার, ২২ জুন, ২০২৬, আপডেট ০১:৩০

বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

রবিবার (২১ জুন) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) মহাসচিব এস এম আবুল কালাম আজাদ।

তিনি বলেন, সেলিমা আহমাদ দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আবুল কালাম আজাদ জানান, তার মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে। সোমবার অথবা মঙ্গলবার মরদেহ ঢাকায় পৌঁছাতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

সেলিমা আহমাদের মৃত্যুতে শোক জানিয়েছে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির শোকবার্তায় বলা হয়, সেলিমা আহমাদের মৃত্যু তার পরিবার, সহকর্মী, ব্যবসায়ী সমাজ এবং নারী উদ্যোক্তা অঙ্গনের জন্য ‘অপূরণীয় ক্ষতি’। শোকবার্তায় তাকে ‘দূরদর্শী উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা এবং বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের পথিকৃৎ কণ্ঠস্বর’ হিসেবে স্মরণ করা হয়।

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের পরিচিত মুখ ছিলেন সেলিমা আহমাদ। তিনি বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। ব্যবসায়ী হিসেবে তিনি নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading