সৌদির জালে চার গোল, ছন্দে ফিরল স্পেন

সৌদির জালে চার গোল, ছন্দে ফিরল স্পেন

উত্তরদক্ষিণ। সোমবার, ২২ জুন, ২০২৬, আপডেট ০১:০০

সব অনিশ্চয়তা কাটিয়ে শুরু থেকেই মাঠে নামলেন লামিন ইয়ামাল এবং জাল খুঁজে নিতেও দেরি করলেন না তিনি। খানিক পর আরেক ফরোয়ার্ড মিকেল ওইয়ারসাবাল করলেন জোড়া গোল। প্রথম ম্যাচের হতশ্রী স্পেন এবার আক্রমণে ঝড় তুলে উড়িয়ে দিল সৌদি আরবকে।

আটলান্টায় রবিবার ‘এইচ’ গ্রুপের ম্যাচটি অনায়াসে ৪-০ গোলে জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে নামা স্পেন শুরু থেকেই ঝড় তুলেছে সৌদি আরবের বিপক্ষে। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ইউরোপের চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া ‘এইচ’ গ্রুপের ম্যাচে ১০ মিনিটে লামিন ইয়ামালের গোলে এগিয়ে যায় স্পেন। পেশির চোট কাটিয়ে দলে ফেরা এই তরুণ তারকার খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও শুরুর একাদশে সুযোগ পেয়ে আস্থার প্রতিদান দেন গোল করে।

গোল খাওয়ার পর সমতায় ফেরার চেষ্টা চালায় সৌদি আরব। তবে তাদের সব প্রচেষ্টা ব্যর্থ করে ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিকেল ওইয়ারসাবাল। সৌদি রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি।

এর মাত্র এক মিনিট পরই আবারও সৌদি আরবের জালে বল পাঠান ওইয়ারসাবাল। মাঠের এক প্রান্ত থেকে ভেসে আসা তির্যক ক্রস দারুণভাবে বুকে নামিয়ে নিয়ন্ত্রণে নেন মার্ক কুকুরেয়া। এরপর দানি ওলমোর ছোঁয়ায় সামনে পাওয়া বল নিখুঁত শটে জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন স্প্যানিশ অধিনায়ক।

প্রথমার্ধেই ৩–০ গোলে এগিয়ে যাওয়া স্পেন দ্বিতীয়ার্ধের শুরুতেও গোল পেয়েছে। এবার অবশ্য নিজেদের জালেই বল জড়িয়েছে সৌদি আরব। ৪৯ মিনিটে মার্ক কুকুরেয়ার ভলি সৌদি গোলরক্ষক ফিরিয়ে দিলেও হাসান আল তামবাকতির শরীরে লেগে ঢুকে যায় জালে।

উল্লেখ্য, ফিফা র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা স্পেন এবং ৫৯ নম্বরে থাকা সৌদি আরব দুই দলই এই ম্যাচের আগে ছিল জয়শূন্য। প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল স্পেন, আর উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল সৌদি আরব।

এর আগে দুই দলের তিন দেখায় সবকটিতেই জয় পেয়েছিল স্পেন। সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই মাঠে নেমেছে লা রোহা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading