তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে হাইকোর্টও জামিন দেননি
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, আপডেট ১৩:১০
দুটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে জামিন দেননি হাইকোর্ট। এছাড়াও আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) হাইকোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিন চান তৌফিক-ই ইলাহী চৌধুরী। রবিবার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ নিয়ে শুনানিও হয়।
ওই সময় তৌফিক-ই ইলাহীর জামিন চেয়ে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আলী আহমেদ খোকন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
ট্রাইব্যুনালে আইনজীবী খোকন বলেন, আমার ক্লায়েন্ট তৌফিক-ই ইলাহী শুধুমাত্র একজন উপদেষ্টা ছিলেন। তিনি ১৪ দলের কেউ নন। ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারের কোন বৈঠকে তিনি উপস্থিত ছিলেন না। এরপরও তিনি এক বছর সাত মাস ধরে কারাগারে রয়েছেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোন মামলায় আসামি গ্রেফতারের এক বছরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা না দিলে জামিন পেতে পারেন। তাই তাকে জামিন দেওয়া উচিত।
এ সময় চিফ প্রসিকিউটরকে শুনতে চান ট্রাইব্যুনাল। তিনি আরও সময় চান। এর মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান তিনি। উভয়পক্ষের শুনানি শেষে আগামী ২৬ জুলাই এ মামলার পরবর্তী শুনানির জন্য দিনও ধার্য করেন ট্রাইব্যুনাল।
ইউডি/রেজা

