নতুন কুঁড়ি দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন শুরু ১ জুলাই

নতুন কুঁড়ি দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন শুরু ১ জুলাই

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৬ জুন, ২০২৬, আপডেট ১৯:৫৯

দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে গতি আনতে আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (২৬ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, আগামী সেপ্টেম্বর থেকে ইউনিয়ন পর্যায় থেকে দ্বিতীয় মৌসুমের মূল প্রতিযোগিতা শুরু হবে। যুবসমাজকে প্রযুক্তির আসক্তি ও মাদকের ভয়াল প্রভাব থেকে দূরে রেখে মাঠমুখী করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

তিনি বলেন, বর্তমান সময়ে ডিভাইসের অতিরিক্ত ব্যবহারের কারণে অনেক শিশু-কিশোর ঘরবন্দি হয়ে পড়ছে। তাদের মাঠে ফিরিয়ে আনতে এবং সুস্থ জাতি গঠনের লক্ষ্যে সরকার আগামী জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে।

আমিনুল হক বলেন, এখন থেকে চতুর্থ শ্রেণি থেকে শুরু করে শিক্ষার্থীদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি মাঠের কার্যক্রমেও অংশ নিতে হবে। নির্দিষ্ট শিক্ষকের অধীনে প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণের ব্যবস্থা করা হবে।

তিনি জানান, প্রথম পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জাতীয় পর্বের খেলা আগামী জুলাই মাসের মাঝামাঝি শেষ হবে। এরপর সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় মৌসুমের কার্যক্রম। দেশের সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন পর্যায় থেকে এ প্রতিযোগিতা শুরু হবে।

দ্বিতীয় মৌসুমে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্টের হাজার হাজার দল গঠন করা হবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এই উদ্যোগ দেশের পারিবারিক ও সামাজিক কাঠামোতে ইতিবাচক পরিবর্তন আনবে। পাশাপাশি খেলোয়াড়দের পেশাদারিত্ব ও ভবিষ্যৎ সুরক্ষায় সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, আগামী জুলাইয়ের পর আরও ২০০ জন খেলোয়াড়কে পেশাদার ব্যবস্থার আওতায় আনা হবে। এর ফলে নিয়মিত ক্রীড়া ভাতা ও ক্রীড়াকার্ড সুবিধার আওতায় থাকা খেলোয়াড়ের সংখ্যা প্রায় ৫০০ জনে উন্নীত হবে।

তিনি আরও বলেন, এর মাধ্যমে দেশের তরুণ প্রজন্ম পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে একটি স্থায়ী পেশা হিসেবে গ্রহণ করে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতায় দেশের ছয়টি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৪টি ইভেন্টে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবদুস সালাম এবং অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading