সংসদকে বাইপাস করে কোনো সিদ্ধান্ত নয়: ডা. শফিকুর
উত্তরদক্ষিণ। শনিবার, ২৭ জুন, ২০২৬, আপডেট ১৫:০৩
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “সংসদকে পাশ কাটিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বিদেশের সঙ্গে সম্পাদিত সব মৌলিক চুক্তি সংসদে উপস্থাপন করলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।”
শনিবার (২৭ জুন) প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “এই দেশ আমাদের সবার। আমরা সত্যিকার অর্থেই একটি স্বাধীন পররাষ্ট্রনীতি দেখতে চাই এবং তা বাস্তবায়ন করতে চাই। বিরোধী দল হিসেবে আমাদের যে দায়িত্ব, তা পালনে আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রী যে দুটি দেশ সফর করেছেন, উভয় দেশই বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। তবে, বাংলাদেশ একটি আমদানিনির্ভর দেশ হওয়ায় রপ্তানি বহুমুখীকরণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের প্রয়োজন রয়েছে।”
বিরোধীদলীয় নেতা বলেন, “বিদেশের সঙ্গে সম্পাদিত সব গুরুত্বপূর্ণ চুক্তি সংসদে আনা হলে জনগণের প্রতিনিধিরা তা জানতে পারবেন এবং এর মাধ্যমে সরকার ও জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন আরো শক্তিশালী হবে।”
ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের সম্পর্ক হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে। বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতিতে কোনো ধরনের হস্তক্ষেপ আমরা মেনে নেব না। দেশের স্বার্থ সবার আগে। কোনো চুক্তিই হবে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, আবার নিজেরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না।”
তিনি বলেন, “সরকারি দল সব কৃতিত্ব নেবে আর বিরোধী দল সবকিছুতেই বিরোধিতা করবে এই রাজনৈতিক সংস্কৃতিকে আমরা সমর্থন করি না। সরকারি দলকে বিরোধী দলকে সম্মান করতে হবে, আবার বিরোধী দলেরও দেশ গঠনে যথাযথ ভূমিকা রাখতে হবে “
বক্তব্যের শেষে ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং সরকারের সফলতা কামনা করে ধন্যবাদ প্রস্তাবের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।
ইউডি/কেএস

