অপতথ্যের ভিড়ে খবরের ভেতরের খবর বের করুন, সাংবাদিকদের তথ্য সচিব

অপতথ্যের ভিড়ে খবরের ভেতরের খবর বের করুন, সাংবাদিকদের তথ্য সচিব

উত্তরদক্ষিণ। রবিবার, ২৮ জুন, ২০২৬, আপডেট ১৪:৫৬

ফেসবুকে ছড়িয়ে থাকা অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্যের ভিড়ে খবরের ভেতরের খবর বের করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

রবিবার (২৮ জুন) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ ফল উৎসব’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, একটা বিষয় আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, অপতথ্য, গুজব এবং মিথ্যা তথ্য এগুলো তো সয়লাব হয়ে আছে ফেসবুক। প্রকৃত খবর, প্রকৃত তথ্যগুলো আপনারা কিন্তু অনুসরণ করছেন। অনুসন্ধানী সাংবাদিকতা যেটা খুব কমে গেছে, সেটা নিয়ে বের করে আনবেন। খবরের ভেতরের খবর, তার ভেতরের খবর আমরা চাই।

সাংবাদিকতা একটি মহান পেশা উল্লেখ করে তিনি বলেন, একটা মহান ব্রত আপনারা মন থেকে নিয়েছেন এবং আপনাদের সঙ্গে আরও অনেক মানুষ থাকা উচিত। আমাদেরকেও আপনাদের প্রতি আরও বেশি কেয়ার রাখা উচিত। আশা করব এখানে আমাদের তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন, আমি সবাইকে বলে দিয়েছি যে সাংবাদিক ভাইয়েরা যেন কোনোভাবে ক্ষুব্ধ না হয়।

সচিব বলেন, তরুণ প্রজন্মের অনেকে সাংবাদিকতার দিকে ঝুঁকছেন, এটা খুব ভালো একটা বিষয়। আমি আশা করব, আপনারা প্রকৃত তথ্য এবং সত্যতা জেনে খবর দেবেন।

তথ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুই-একটি পত্রিকায় যে সংবাদগুলো আসছে সেগুলো অপতথ্য এবং মিথ্যা তথ্যের শামিল বলেও এসময় মন্তব্য করেন সচিব মাহবুবা ফারজানা।

তিনি বলেন, এই বিষয়ে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে, আপনাদের যদি কিছু মনে হয় আমাদের কাছে এসে একটু যাচাই করবেন। আমাদের ডেস্কগুলোতে একটু যাচাই করে তারপর আপনারা সেই মতামতগুলো দেবেন। যদি এমন হয় সাংবাদিকতার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হচ্ছে, আমার সঙ্গে কথা বলবেন, আপনাদের নেতাদের সঙ্গে কথা বলবেন।

এসময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. শাহ আলম ও তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ।

ফল উৎসবে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading