টেকনাফ থেকে ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

টেকনাফ থেকে ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

উত্তরদক্ষিণ। সোমবার, ২৯ জুন, ২০২৬, আপডেট ১৮:৫১

কক্সবাজারের টেকনাফ উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ট্রলারসহ পাঁচ রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।

সোমবার (২৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী। রবিবার (২৮ জুন) দুপুরের পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি।

অপহৃত জেলেরা হলেন—মোহাম্মদ আইয়ুব (২৪), মোহাম্মদ আজিমুল্লাহ (৩০), সালাম নুর (৩১), আয়ুব আলী (৩৭) এবং ছৈয়দ হোসেন (২৫)। তারা সবাই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা।

ইউএনও বলেন, রবার দুপুরের পর টেকনাফসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জেলেরা মিয়ানমার সীমান্তবর্তী জলসীমার ভেতরে চলে যান। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাদের ট্রলারসহ আটক করে নিয়ে যায়।

তিনি জানান, আটক জেলেদের বিষয়ে বিজিবির মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া গ্রহণ করা হবে।

টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, মাছ ধরতে যাওয়া একটি ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে উপকূলীয় জেলেপল্লিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, নাফ নদী ও বঙ্গোপসাগরের সীমান্তবর্তী এলাকায় মাছ ধরতে যাওয়া জেলেদের লক্ষ্য করে সম্প্রতি আরাকান আর্মির অপহরণের ঘটনা বেড়েছে। এতে জীবিকার তাগিদে সাগরে যাওয়া জেলেদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading