গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে বিরোধী দল: জামায়াত আমির
উত্তরদক্ষিণ। বুধবার (০১ জুলাই) ২০২৬, আপডেট ২৩:৩০
সরকার গণভোটের রায় অনুযায়ী সংস্কার না করায় বিরোধী দল রাজপথে রয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
বুধবার (১ জুলাই) জাতীয় সংসদের এলডি হলে বাজেট-পরবর্তী এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। শফিকুর রহমান অভিযোগ করেন, সংসদীয় রাজনীতিতে পর্যাপ্ত আলোচনার সুযোগ না থাকায় জনগণের দাবিকে সামনে রেখে বিরোধী দল রাজপথের কর্মসূচি বেছে নিতে বাধ্য হয়েছে।
বিরোধীদলীয় নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ, ‘জুলাই জাতীয় সনদ’ ও গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছিল। সিপিবি ব্যতীত সংলাপে অংশ নেওয়া অন্যান্য দলগুলো এই সনদে স্বাক্ষর করেছিল এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালিয়েছিল। কিন্তু গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও সরকার এখন সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধনের দিকে হাঁটছে এবং এ লক্ষ্যে সংসদে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে।
সংসদে বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ না পাওয়ার অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, সংসদ যেহেতু আমাদের কথা বলার সুযোগ দিল না, তাই এখন আমরা ‘জনগণের পার্লামেন্টে’ চলে যাব। তিনি আরও বলেন, সংসদে কথা বলতে স্পিকারের অনুমতি লাগে, কিন্তু জনগণের পার্লামেন্টে কোনো অনুমতির প্রয়োজন নেই। বিরোধী দল জনদাবি নিয়ে জনগণের সাথেই রয়েছে এবং গণভোটের রায় বাস্তবায়নে অনড়।
ইউডি/এবি

