মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬, আপডেট ১৭:৫৫
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে মিয়ানমারে পাচারের সময় প্রায় তিন লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কাঠের বোটসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গত বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। অভিযান চলাকালে, একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
অভিযানকালে পাচারকাজে ব্যবহৃত কাঠের বোটটি জব্দ করা হয় এবং এ ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইউডি/রেজা

