ধর্মীয় কারণে রাতে এইচএসসি পরীক্ষা দেবে চট্টগ্রাম বোর্ডের ২ পরীক্ষার্থী
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬, আপডেট ১৭:৩৮
খ্রিস্টান ধর্মের সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের দুই শিক্ষার্থী শনিবার (৪ জুলাই) রাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন। ধর্মীয় বিধিনিষেধের কারণে দিনের পরিবর্তে সূর্যাস্তের পর তাদের জন্য বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হবে। সারাদেশে এ ধরনের সুযোগ পাচ্ছেন মোট ১৬০ জন পরীক্ষার্থী।
বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হওয়া ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত। এ সময় মোট ছয়টি শনিবার পরীক্ষা রয়েছে। এর মধ্যে ৪ জুলাই বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ৮ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ১৮ জুলাই ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ২৫ জুলাই অর্থনীতি দ্বিতীয় পত্র, ১ আগস্ট মনোবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র ও কৃষি (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র এবং ৮ আগস্ট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র ও শিশু বিকাশ দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়, শনিবার নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় অন্য পরীক্ষার্থীদের সঙ্গে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করবেন এই দুই শিক্ষার্থী। তবে ধর্মীয় বিশ্বাসের কারণে দিনের বেলায় তারা পরীক্ষার খাতায় লিখবেন না। সূর্যাস্ত পর্যন্ত প্রায় নয় ঘণ্টা একটি নির্দিষ্ট কক্ষে অবস্থান করার পর সন্ধ্যায় উত্তরপত্র লেখা শুরু করবেন। তাদের পরীক্ষা শেষ হবে রাত ১০টায়।
দুই পরীক্ষার্থীর একজন চট্টগ্রাম নগরের হালিশহর ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী এঞ্জেলি সুয়ারি ত্রিপুরা। অন্যজন বান্দরবান জেলার একটি কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নেবেন।
শিক্ষা বোর্ডের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী, পরীক্ষাকেন্দ্রে প্রবেশের পর প্রবেশপত্র ছাড়া তাদের কাছে অন্য কোনো সামগ্রী রাখা যাবে না। কোনো অবস্থাতেই কক্ষের বাইরে যাওয়া বা কারও সঙ্গে যোগাযোগ করার সুযোগ থাকবে না। পুরো সময় পরিদর্শকের তত্ত্বাবধানে থাকতে হবে। তবে তারা নিজেদের সঙ্গে শুকনো খাবার নিয়ে যেতে পারবেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ধর্মীয় বিধান অনুসরণ করে এই দুই শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার জন্য বোর্ডের সব ধরনের প্রস্তুতি রয়েছে।
তিনি বলেন, ‘দুই বছরে শিক্ষাবর্ষ শেষ করার লক্ষ্যে শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এবার শনিবারও পরীক্ষা রাখা হয়েছে, যাতে পরবর্তী সেশনের পরীক্ষার সময়সূচি আরও এগিয়ে আনা যায়। এই শিক্ষার্থীরা সকালে অন্যদের সঙ্গে কেন্দ্রে প্রবেশ করবে, এরপর আলাদা কক্ষে অবস্থান করবে। সূর্যাস্তের পর তাদের পরীক্ষা শুরু হবে।’
সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শুক্রবার সূর্যাস্ত থেকে শনিবার সূর্যাস্ত পর্যন্ত সাবাথ পালন করা হয়। এ সময় তারা কোনো ধরনের লেখালেখিসহ নির্দিষ্ট কিছু কাজ থেকে বিরত থাকেন। এ কারণে শিক্ষা বোর্ডের বিশেষ অনুমতি নিয়ে তারা প্রতি বছর শনিবারের পরীক্ষাগুলো সূর্যাস্তের পর রাতে দিয়ে থাকেন।
ইউডি/রেজা

