দামেস্কের কাছে নিরাপত্তা চৌকিতে গ্রেনেড হামলা, আহত ৩

দামেস্কের কাছে নিরাপত্তা চৌকিতে গ্রেনেড হামলা, আহত ৩

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬, আপডেট ১৯:১০

সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ-পূর্ব উপকণ্ঠের জারামানা শহরের প্রবেশপথে একটি নিরাপত্তা চৌকিতে গ্রেনেড হামলায় তিনজন সিরিয়ান নিরাপত্তা সদস্য আহত হয়েছেন। হামলার সময় গ্রেনেড বিস্ফোরণে হামলাকারী নিজেই নিহত হন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরেক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।

আজ শুক্রবার (৩ জুলাই) এই হামলার ঘটনা ঘটে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাত দিয়ে রয়া নিউজ জানিয়েছে, নিয়মিত পরিচয়পত্র যাচাইয়ের অংশ হিসেবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোটরসাইকেলে আসা দুই ব্যক্তিকে থামান।

নিরাপত্তা সূত্র জানায়, তল্লাশির একপর্যায়ে তাদের একজন হঠাৎ একটি পিস্তল বের করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এরপর তিনি নিরাপত্তা চৌকির দিকে পরপর দুটি হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এতে তিনজন নিরাপত্তা সদস্য আহত হন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং তাদের চিকিৎসা চলছে।

হামলার সময় গ্রেনেড বিস্ফোরণে হামলাকারী নিজেই নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্রের ভাষ্য অনুযায়ী, হামলাকারী তৃতীয় একটি গ্রেনেড নিক্ষেপের চেষ্টা করলে সেটি তার হাতেই বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তি হত্যা ও মাদক পাচারসহ একাধিক অপরাধ মামলার পলাতক আসামি ছিলেন। হামলাকারীর সঙ্গে মোটরসাইকেলে থাকা দ্বিতীয় ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার প্রকৃত উদ্দেশ্য, ঘটনার পূর্ণাঙ্গ পটভূমি এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী দায় স্বীকার করেনি।

এর আগে গত বৃহস্পতিবার (২ জুলাই) সিরিয়ার রাজধানী দামেস্কের একটি ক্যাফেতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৯ জন নিহত এবং আরও অন্তত ২০ জন আহত হয় বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখনও পর্যন্ত কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, পুঁতে রাখা একটি ডিভাইসের কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সরকারি ভবন প্যালেস অফ জাস্টিসের কাছে ঘটনাটি ঘটায় ব্যস্ত এলাকাটিতে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading