জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ২০২৬ সালের ১০০ পরীক্ষার্থী
উত্তরদক্ষিণ। শনিবার (০৪ জুলাই) ২০২৬, আপডেট ২১:০০
জামালপুরে ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষার ১০০ জন পরীক্ষার্থী। শনিবার (৪ জুলাই) সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে বাংলা ২য় পত্রের পরীক্ষায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরীক্ষার্থীরা সকলেই সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী।
পরীক্ষার্থী তিলা জামালি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পরীক্ষা দেওয়া শেষে আমি দেখতে পারলাম যে আমার প্রশ্নের ওপরে ‘২০২৫ সালের সিলেবাস অনুযায়ী’ লেখা। তার মানে এই প্রশ্ন আমাদের না। পরে অধ্যক্ষের সাথে যোগাযোগ করলে সমাধানের আশ্বাস দেওয়া হয় কলেজ থেকে। আমি ২ বছর ধরে এই ৩ ঘণ্টার জন্য প্রিপারেশন নিয়েছি। তাদের একটি ভুলের কারণে যে আমার এ-প্লাস কেটে যাবে না, এটার নিশ্চয়তা কি?’
নুসরাত জাহান নামে আরেক পরীক্ষার্থী আক্ষেপ করে বলেন, ‘সারা বাংলাদেশ একটি প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন। আমরা ১০০ জন অন্য একটি প্রশ্নপত্রে পরীক্ষা দিলাম। এখন আমার পরীক্ষা কেমন হয়েছে সেটি আর বিষয় না। আমরা এখন পাস করবো নাকি ফেল করবো সেটি নিয়ে সন্দেহ রয়েছে। পাস করলেও এ-প্লাস আসবে কিনা সেটি জানি না।’
তবে এসব বিষয়ে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মীর শওকত আলম মীর বলেন, ‘আমাদের কাছে যে প্রশ্নপত্র আসে, সেগুলোতে ২০টি প্রশ্নপত্রে একটি বান্ডেল হয়। ৪২০২ নম্বর কক্ষের জন্য যে ৫টি বান্ডেল খোলা হয়, সেসবের প্রতিটি বান্ডেলের ওপরে ‘২০২৬ সালের প্রশ্নপত্র’ লেখা ছিলো। কিন্তু ভেতরে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র ছিলো। পরীক্ষা শুরুর আগে বিষয়টি দেখার সুযোগ না থাকায় শিক্ষকেরা বান্ডেল খুলে পরীক্ষার্থীদের মাঝে প্রশ্ন বিতরণ করেন। পরীক্ষা শেষে জানা যায় যে, যারা মূলত অনিয়মিত ও মানোন্নয়নের জন্য পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এই প্রশ্ন ছিল।’
ইউডি/এবি

