নলছিটিতে বাস খাদে পড়ে সুপারভাইজার নিহত

নলছিটিতে বাস খাদে পড়ে সুপারভাইজার নিহত

উত্তরদক্ষিণ। রবিবার, ০৫ জুলাই, ২০২৬, আপডেট ১৫:০৪

ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে গেছে। এ ঘটনায় বাসটির সুপারভাইজার নিহত হয়েছেন। তবে বাসে থাকা অন্য যাত্রীরা দ্রুত বের হয়ে আসতে পারায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে। দুর্ঘটনার পর সাময়িকভাবে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নলছিটি উপজেলার পূর্ব রায়পুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল মেট্রো-১১-০০৭৩ নম্বরের নাহিদ সুপার পরিবহনের একটি বাস পিরোজপুরের মঠবাড়িয়া থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। পথে পূর্ব রায়পুর বটতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসকে ওভারটেক করার সময় দুই বাসের মাঝখানে একটি আলফা (থ্রি-হুইলার) চলে আসে। সেটিকে এড়াতে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় বাসটির সুপারভাইজার বাসের নিচে চাপা পড়েন। পরে তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাসুম ইফতেখার বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। বাসটি উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন যৌথভাবে কাজ করছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading