ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি: প্রবেশপত্র ডাউনলোড শুরু ৭ জুলাই
উত্তরদক্ষিণ। রবিবার, ০৫ জুলাই, ২০২৬, আপডেট ১৮:৩৭
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদি ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি পুনর্বিন্যাস করেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।
রবিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মো. শহীদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৭ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।
এতে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত সাতটি কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদন ও ফি জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির ফলে শিক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচিতে পরিবর্তন এনে তা আগামী ৭ জুলাই বিকাল ৪টা থেকে নির্ধারিত ওয়েবসাইটে উন্মুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের পরীক্ষা আগামী ১১ জুলাই (শনিবার) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৭ জুলাই (শুক্রবার) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং একই দিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বেশ কিছু বিশেষ নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তি আবেদন ও ফি জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর কারণে পরীক্ষার প্রবেশপত্র ৫ জুলাইয়ের পরিবর্তে আগামী ৭ জুলাই বিকাল ৪টা থেকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। পরীক্ষাগুলো বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
আসন বিন্যাসের বিষয়ে বলা হয়েছে, কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের আসন বিন্যাস ৮ জুলাই থেকে এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের আসন বিন্যাস ১৪ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে।
এছাড়া ভর্তি নির্দেশিকায় উল্লিখিত পরীক্ষাসংক্রান্ত নিয়মাবলি যথাযথভাবে অনুসরণের জন্যও শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে।
ইউডি/রেজা

