বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

উত্তরদক্ষিণ। বুধবার, ০৮ জুলাই, ২০২৬, আপডেট ১৪:১৫

মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রামে একটি চীনা মালিকানাধীন প্রতিষ্ঠানের শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বেতনসহ বিভিন্ন দাবিতে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বুধবার (৮ জুলাই) সকাল শুরু হওয়া এ কর্মসূচির কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন। তাদের দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো, সরকারি গেজেট অনুযায়ী ন্যায্য বেতন নিশ্চিত করা এবং কোম্পানির ‘মামুন’ নামের এক কর্মকর্তাকে অপসারণ করা।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা সরকারি গেজেট অনুযায়ী ন্যায্য বেতন পাচ্ছেন না। পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন। এসব সমস্যার সমাধান না হওয়ায় তারা বাধ্য হয়ে সড়কে নেমে আন্দোলন করছেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, শ্রমিকরা ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করা এবং মহাসড়কে যান চলাচল সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) সাদিয়া সাবরিনা চৌধুরী জানান, শ্রমিকরা ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। এই বিষয়টা নিয়ে কথা বলছি। আর আমরা মহাসড়কে যান চলাচল সচল করেছি আশা করছি অল্প সময়ের যান চলাচল স্বাভাবিক হবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading