বাংলাদেশি ক্রিয়েটরদের ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও মুছে ফেলেছে টিকটক
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬, আপডেট ১৩:১৫
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ থেকে আপলোড করা ১ কোটি ৩২ লাখ ১৮ হাজার ৪টি ভিডিও মুছে ফেলেছে টিকটক। এর মধ্যে ৯৪ দশমিক ৪ শতাংশ ভিডিও প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে অপসারণ করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) টিকটকের প্রকাশিত কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্টে (প্রথম প্রান্তিক ২০২৬) এ তথ্য জানানো হয়।
রিপোর্টে বলা হয়েছে, একই সময়ে বিশ্বজুড়ে মোট ১৮ কোটি ৪০ লাখ ১২ হাজার ৫৭৬টি ভিডিও কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে সরানো হয়েছে, যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট ভিডিওর প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ।
অপসারণ করা ভিডিওগুলোর মধ্যে ১৭ কোটি ৮০ লাখ ১৪ হাজার ১৫৪টি ভিডিও স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হয়। তবে পরবর্তী পর্যালোচনায় ৮৮ লাখ ৩৮ হাজার ৭১০টি ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা হয়েছে।
টিকটক জানিয়েছে, নীতিমালা লঙ্ঘনকারী কনটেন্ট দ্রুত শনাক্ত ও অপসারণে তারা স্বয়ংক্রিয় প্রযুক্তির পাশাপাশি মানব পর্যালোচনাও ব্যবহার করে। প্ল্যাটফর্মটিতে নিরাপদ পরিবেশ বজায় রাখতে নিয়মিত এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
ইউডি/কেএস

