স্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল, মৃত্যু বেড়ে ১২

স্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল, মৃত্যু বেড়ে ১২

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, আপডেট ১২:৫৯

স্পেনের দক্ষিণাঞ্চলীয় আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে আন্দালুসিয়া অঞ্চলের জরুরি সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

রয়টার্স জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সেখানে দেড়শ দমকলকর্মী কাজ করে যাচ্ছেন।

আন্দালুসিয়ার প্রেসিডেন্সি, স্বাস্থ্য ও জরুরি বিষয়ক মন্ত্রী আন্তোনিও সাং এই আগুনকে অঞ্চলের ইতিহাসে ‘সবচেয়ে বিধ্বংসী দাবানল’ হিসেবে বর্ণনা করেছেন। বর্তমান পরিস্থিতিকে তিনি বলছেন ‘নজিরবিহীন বিপর্যয়’।

দাবানলে প্রথমে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। তখন আন্দালুসিয়া অঞ্চলের প্রধান হুয়ামমা মোরেনো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মূলত আলমেরিয়া প্রদেশের ‘লস গ্যালার্দোস’ পৌরসভায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।

চলতি সপ্তাহের শুরুর দিকে স্পেনের সীমান্তবর্তী দক্ষিণ ফ্রান্সেও একটি দাবানল ছড়িয়ে পড়ে। সেখানকার দুই ডজনের বেশি ছোট শহর ও গ্রাম থেকে ১০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয় স্থানীয় প্রশাসন।

রয়টার্স লিখেছে, মে ও জুন মাসে পশ্চিম ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে বিস্তীর্ণ এলাকার জমি শুকিয়ে গেছে। ফলে চলতি বছর এ অঞ্চলে দাবানলের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে।

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) তথ্য বলছে, ইউরোপ মহাদেশ বৈশ্বিক গড়ের চেয়ে দ্বিগুণেরও বেশি দ্রুত গতিতে উত্তপ্ত হচ্ছে। সে কারণে এই অঞ্চলে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের মত চরম আবহাওয়া দেখা যাচ্ছে বারবার।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading