বরিশালে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে অনুষ্ঠানস্থল পরিদর্শনে তথ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, আপডেট ১৭:৫৭
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (১০ জুলাই) সকালে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির নির্ধারিত স্থান পরিদর্শন করেন তিনি।
এ সময় তথ্যমন্ত্রী বাটাজোর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সফরের প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর সফর ঘিরে নেওয়া কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে তিনি প্রধানমন্ত্রীর সফরের সব কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বাটাজোর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ও অন্যান্য প্রস্তুতিমূলক কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
এদিকে দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের গৌরনদী আগমন ঘিরে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফরকে সফল করতে ইতোমধ্যে প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে।
ইউডি/রেজা

