শেখ হাসিনা দেশে ফিরবে, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য: নাহিদ ইসলাম
উত্তরদক্ষিণ। শুক্রবার (১০ জুলাই) ২০২৬, আপডেট ২১:৪০
বিগত সরকারের ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হওয়া বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ফিরে আসেন, তবে তা কেবল তার ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘আজকে একটা সাক্ষাৎকার আমরা দেখেছি, যেখানে ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করেছেন। আমরাও চাই সে দেশে ফিরবে, তবে তা ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য।’
শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইডিবি) মিলনায়তনে এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গণহত্যাকারীদের বিরুদ্ধে বাংলাদেশে এরইমধ্যে আইনি রায় হয়ে গিয়েছে। এখন সরকারের দায়িত্ব হলো যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সেই রায় কার্যকর করা।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, শেখ হাসিনা কীভাবে দেশে আসবেন, কাদের নিয়ে আসবেন কিংবা আত্মসমর্পণ করবেন কি না–তা নির্ধারণ করার দায়িত্ব সম্পূর্ণ বাংলাদেশ সরকারের। সরকারকেই এ বিষয়ে দিল্লির সঙ্গে সরাসরি কথা বলতে হবে। এখানে অন্য কোনো পক্ষের সুযোগ নেই। সুতরাং, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেই তাকে দেশে ফিরিয়ে আনা উচিত।
ইউডি/এবি

