ইরানের ১৪০ লক্ষ্যবস্তুতে আমেরিকার হামলা
উত্তরদক্ষিণ। রবিবার, ১২ জুলাই, ২০২৬, আপডেট ১৫:৫৯
আমেরিকার সামরিক বাহিনী ইরানে নতুন করে আরও ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। গত এক সপ্তাহে ইরানে এটি আমেরিকার তৃতীয় দফার হামলা।
রবিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে। আল আরাবিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সেন্টকম জানিয়েছে, রবিবারের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির স্থাপনা, নৌ সক্ষমতা, গোলাবারুদ সংরক্ষণের গুদাম, যোগাযোগ ব্যবস্থা এবং উপকূলীয় নজরদারি কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহে তিন রাতের হামলায় ইরানে ৩০০-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করল মার্কিন বাহিনী।
বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে। তবে এই উত্তজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রয়েছে।
ইরান একটি বাণিজ্যিক জাহাজে সতর্কতামূলক গুলি ছুড়ে প্রণালিটি বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টার মাথায় এই হামলা চালায় আমেরিকা। ইরান দাবি করেছিল, জাহাজটি অননুমোদিত পথে চলছিল। একই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছিল যে, এই ঘটনার কোনো পাল্টা ব্যবস্থা নেয়া হলে তার ‘কঠোর জবাব’ দেয়া হবে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড ক্ষতিগ্রস্ত জাহাজটিকে সাইপ্রাসের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘এমভি জিএফএস গ্যালাক্সি’ হিসেবে শনাক্ত করেছে। হামলায় জাহাজটির ইঞ্জিন কক্ষের ব্যাপক ক্ষতি হয়েছে এবং একজন বেসামরিক ক্রু নিখোঁজ রয়েছেন।
পেন্টাগন প্রধান পিট হেগসেথ এক্সে সেন্টকমের পোস্টটি শেয়ার করে লিখেছেন, ইরান একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে। এখন তাদের এর মাসুল দিতে হচ্ছে।
ইউডি/রেজা

