প্রতি উপজেলায় ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার নির্মাণ করবে সরকার
উত্তরদক্ষিণ। সোমবার, ১৩ জুলাই, ২০২৬, আপডেট ১৭:৫৯
দেশের প্রতিটি উপজেলা সদরে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আব্দুল গফুরের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় আধুনিক ল্যাবরেটরি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ল্যাবরেটরি যন্ত্রপাতি আমদানির ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি উপজেলায় এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম এবং রক্ত পরীক্ষাসহ প্রয়োজনীয় রোগ নির্ণয়-সংক্রান্ত যন্ত্রপাতি স্থাপনের কার্যক্রমও গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার এবং প্রতিটি জেলা সদর হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আরও একটি বড় উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় দেশের প্রতিটি উপজেলা সদরে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার নির্মাণ করা হবে।
তিনি বলেন, আশা করি, এর মাধ্যমে দেশের সাধারণ মানুষ নিজ নিজ এলাকায় উন্নত ডায়ালাইসিস সেবা গ্রহণের সুযোগ পাবেন। এ সময় তিনি সংশ্লিষ্ট সংসদ সদস্যকে উদ্দেশ করে বলেন, ভবিষ্যতে এ বিষয়ে আরও কোনো দাবি বা প্রয়োজন থাকলে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবেন।
ইউডি/রেজা

