সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় মাসে ৫০ হাজার টাকাই থাকছে

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় মাসে ৫০ হাজার টাকাই থাকছে

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৬ জুলাই) ২০২৬, আপডেট ২৩:০০

উপসচিব থেকে সচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তাদের জন্য গাড়ির মাসিক রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর উদ্যোগ থেকে সরে এসেছে সরকার। ফলে আগের মতোই তারা প্রতি মাসে ৫০ হাজার টাকা রক্ষণাবেক্ষণ ব্যয় পাবেন।

অর্থ বিভাগের পক্ষ থেকে গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো, মাসিক রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা করার প্রস্তাবসংবলিত চিঠি বাতিল করা হয়েছে।

গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় হ্রাসের বিষয়টি নিয়ে গত এক সপ্তাহ ধরে অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে একাধিক দফা চিঠি চালাচালি হয়। এ উদ্যোগকে কেন্দ্র করে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়।

এই সুবিধা শুধু বেসামরিক প্রশাসনের কর্মকর্তারাই নন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও পেয়ে থাকেন।

অর্থ বিভাগের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর বিষয়ে ৯ জুলাই দেওয়া প্রস্তাবের ভিত্তিতে আর কোনো কার্যক্রম গ্রহণ করা হবে না। এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে। এর ফলে মাসিক রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকাই বহাল থাকছে।

এদিকে এ বিষয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় সশস্ত্র বাহিনী বিভাগ, নির্বাচন কমিশন, জুডিশিয়াল সার্ভিসসহ সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মো. রাহেদ হোসেন সমকালকে বলেন, এবিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা আহ্বান করা হয়েছিল। কিন্তু তার আগেই সরকার এই সিদ্ধান্ত বাতিল করায় বৈঠক অনুষ্ঠিত হয়নি।

একাধিক সরকারি কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বর্তমান বাজারে একটি ব্যক্তিগত গাড়ির জ্বালানি, চালকের বেতন, মেরামত ও যন্ত্রাংশসহ অন্যান্য খরচ মিলিয়ে মাসিক ব্যয় প্রায় ৬৫ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত পৌঁছেছে। সেখানে সরকার যে ৫০ হাজার টাকা দেয়, সেটিও প্রকৃত ব্যয়ের তুলনায় কম। এ অবস্থায় ভাতা অর্ধেকে নামিয়ে আনা হলে কর্মকর্তাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হতো। সরকার যেহেতু গাড়ি দিয়েছে। এখন রক্ষণাবেক্ষণ খরচ না দিলে অনেক কর্মকর্তা সেই গাড়ি ব্যবহার করতে পারতেন না। এসব বিষয় সরকারের সংশ্লিষ্ট সচিবদের জানানো হয়। এরপরই এ সংক্রান্ত নির্দেশনা বাতিল করা হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading