আমেরিকায় শিক্ষার্থী-সাংবাদিকদের ভিসা নীতিতে পরিবর্তন

আমেরিকায় শিক্ষার্থী-সাংবাদিকদের ভিসা নীতিতে পরিবর্তন

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, আপডেট ১২:৩৫

আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিদেশি শিক্ষার্থী, বিনিময় দর্শনার্থী এবং সাংবাদিকদের ভিসার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন এই বিধিনিষেধের ফলে কয়েক দশক ধরে চলে আসা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ বা পড়াশোনা ও কাজের মেয়াদ পর্যন্ত আমেরিকায় অবস্থানের প্রচলিত ব্যবস্থার অবসান ঘটতে যাচ্ছে !

বৃহস্পতিবার (১৬ জুলাই) হোমল্যান্ড সিকিউরিটি দফতর (ডিএইচএস) কর্তৃক প্রকাশিত নতুন নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিনিময় দর্শনার্থীদের আমেরিকায় অবস্থানের মেয়াদ সাধারণত চার বছরের মধ্যে সীমাবদ্ধ করা হবে।

অন্যদিকে, বিদেশি সাংবাদিকদের প্রতিবার প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ ২৪০ দিন এবং চীনা নাগরিকদের ক্ষেত্রে ৯০ দিনের অনুমতি দেয়া হবে। তবে ফেডারেল রেজিস্টারে প্রকাশের ৬০ দিন পর এবং কংগ্রেসের পর্যালোচনা সাপেক্ষে এই বিধি কার্যকর হবে।

নতুন বিধি অনুযায়ী, এখন থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিনিময় দর্শনার্থীদের আমেরিকায় অবস্থানের মেয়াদ সাধারণত চার বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। নির্ধারিত এই সময়ের চেয়ে বেশি সময় অবস্থান করতে চাইলে সংশ্লিষ্টদের ভিসার মেয়াদে নবায়নের জন্য আবেদন করতে হবে অথবা দেশ ত্যাগ করে পুনরায় প্রবেশের আবেদন করতে হবে।

২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনের ক্ষমতা গ্রহণের পর এটি অভিবাসন নিয়ন্ত্রণ নীতির ধারাবাহিকতায় সর্বশেষ পদক্ষেপ। প্রশাসন বলছে, অতীতে বিদেশি শিক্ষার্থী ও অন্যান্য ভিসাধারীদের অনির্দিষ্টকাল আমেরিকায় অবস্থানের সুযোগ দেয়ায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে এবং এটি করদাতাদের অর্থে বিপুল চাপ সৃষ্টি করছে।

ডিএইচএস জানিয়েছে, তারা এমন অনেক ব্যক্তিকে চিহ্নিত করেছে যারা ২০০০ থেকে ২০১০ সালের মধ্যে শিক্ষার্থী হিসেবে প্রবেশ করে এ বছরের এপ্রিলেও বিভিন্ন প্রোগ্রামে যুক্ত থাকার নামে দেশটিতে অবস্থান করছেন।

ডিএইচএস-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে শিক্ষার্থী ভিসায় আমেরিকায় প্রবেশের সংখ্যা ছিল ১৮ লাখের বেশি, যা আগের বছরের তুলনায় ১১ শতাংশেরও বেশি।

দফতরটি আরও জানিয়েছে, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া অর্থবছরে আমেরিকা ৫ লাখের বেশি বিনিময় দর্শনার্থী এবং প্রায় ৩৭ হাজার ৩০০ জন বিদেশি সাংবাদিককে প্রবেশের অনুমতি দিয়েছে।

এ বিষয়ে বিভাগটি বলেছে, এ ধরনের দর্শনার্থীর সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি আমেরিকায় অবস্থানরত এই অভিবাসীদের ওপর নজরদারি ও তদারকি করার ক্ষেত্রে ডিএইচএস-এর সক্ষমতার জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করেছে।

অবৈধ এবং বৈধ উভয় ধরনের অভিবাসনের ওপর বিধিনিষেধ কঠোর করার লক্ষ্যে ডনাল্ড ট্রাম্পের যে বৃহত্তর উদ্যোগ, এটি তার সর্বশেষ পদক্ষেপ।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading