বিএনপির মিছিলে হামলার অভিযোগ: চেয়ারম্যান জাহাঙ্গীর গ্রেপ্তার
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, আপডেট ১৪:৫৪
পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি দাসপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা এএনএম জাহাঙ্গীর হোসেন (৬০)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পটুয়াখালী ডিবি কার্যালয়ের সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এএনএম জাহাঙ্গীর হোসেন দাসপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের একটি গ্রুপের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
বাউফল থানা পুলিশ জানায়, সম্প্রতি বিএনপির একটি মিছিলে হামলার ঘটনায় দাসপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় এএনএম জাহাঙ্গীর হোসেনকে এক নম্বর আসামি করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া আসামিকে ডিবি পুলিশ বাউফল থানায় হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
ইউডি/রেজা/রুবেল

