মেসিকে ছাপিয়ে সবার ওপরে এমবাপে
উত্তরদক্ষিণ। রবিবার, ১৯ জুলাই, ২০২৬, আপডেট ১১:৩৫
বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে ছিলেন লিওনেল মেসি। কিন্তু তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে যেন ইতিহাস নতুন করে লিখলেন কিলিয়ান এমবাপে। ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে আর্জেন্টাইন মহাতারকাকে পেছনে ফেলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে গেলেন ফ্রান্সের এই ফরোয়ার্ড।
মায়ামিতে ইংল্যান্ডের কাছে ৬–৪ গোলে হারলেও ব্যক্তিগত অর্জনের দিক থেকে রাতটি ছিল এমবাপের। ম্যাচের ৫৪ ও ৬৬ মিনিটে দুটি গোল করেন তিনি। তাতেই বিশ্বকাপে তাঁর মোট গোলসংখ্যা দাঁড়ায় ২২, যা মেসির ২১ গোলকে ছাড়িয়ে নতুন সর্বকালের রেকর্ড।
শুধু ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাই নন, চলতি বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়েও এখন এককভাবে সবার ওপরে উঠে গেছেন এমবাপে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোলের সুবাদে তাঁর টুর্নামেন্টে গোলসংখ্যা হয়েছে ১০।
সেমিফাইনালের পর পর্যন্ত গোলসংখ্যায় মেসি ও এমবাপে সমান ৮টি করে গোল করেছিলেন। তবে ৪টি অ্যাসিস্ট থাকায় গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে দুটি গোল করে সেই সমীকরণই বদলে দেন এমবাপ্পে। এখন ১০ গোল নিয়ে তিনি এককভাবে শীর্ষে, আর ৮ গোল নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন মেসি।
অবশ্য মেসির সামনে এখনও সুযোগ আছে জবাব দেওয়ার। স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে মাঠে নামবেন আর্জেন্টাইন অধিনায়ক। সেই ম্যাচে গোল করলে কিংবা একাধিক গোল পেলে আবারও গোল্ডেন বুটের লড়াই জমে উঠতে পারে। তবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে আপাতত একাই বসে আছেন এমবাপে।
মাত্র ২৭ বছর বয়সেই বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নেওয়া এমবাপে সামনে কমপক্ষে আরও ১টি বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন। ফলে তাঁর এই রেকর্ড ভবিষ্যতে আরও সমৃদ্ধ হওয়ার সম্ভাবনাই বেশি। বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ হলেও, ব্যক্তিগত কীর্তিতে টুর্নামেন্টটি স্মরণীয় করে রাখলেন ফরাসি সুপারস্টার।
ইউডি/কেএস

