ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, পালটা হামলা আমেরিকার

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, পালটা হামলা আমেরিকার

উত্তরদক্ষিণ। রবিবার, ১৯ জুলাই, ২০২৬, আপডেট ১২:১৫

ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সেনা নিখোঁজ রয়েছেন। জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে হামলায় তারা হতাহত হয়েছেন। এর জবাবে ইরানে ব্যাপক হামলা চালাচ্ছে আমেরিকা।

রবিবার (১৯ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হয়েছেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হামলার পর চারজন মার্কিন সেনাসদস্যকে চিকিৎসার জন্য জর্ডানের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। আহত অন্যরা ইতোমধ্যে দায়িত্বে ফিরেছেন।

বিবিসি জানিয়েছে, মার্কিন সামরিক কর্মকর্তারা নিহতদের পরিচয় প্রকাশ করেননি। তারা ঘটনার বিস্তারিত বা হামলার সুনির্দিষ্ট স্থান সম্পর্কেও কোনো তথ্য দেননি।

সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার রাতে আমেরিকা ইরানের বিরুদ্ধে আরও এক দফা বিমান হামলা চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, টানা অষ্টম রাতের মতো পরিচালিত এসব হামলার উদ্দেশ্য ছিল ‘হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরানের হুমকি দেওয়ার সক্ষমতাকে আরও হ্রাস করা’।

এতে আরও বলা হয়েছে, জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলা চালানো ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বাহিনীকে দ্রুত শাস্তি দেওয়াই এই হামলার লক্ষ্য। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

গত এক সপ্তাহ ধরে আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এর মধ্যেই ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর ওপর পুনরায় অবরোধ আরোপ করে এবং তেহরান হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে।

শনিবার গভীর রাতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক বিবৃতিতে বলেন, আমেরিকার বারবার চুক্তি লঙ্ঘনের ঘটনা একটি মৌলিক সত্য উন্মোচন করেছে যে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন। এটি তার প্রতি বিশ্বাসযোগ্যতাও হারিয়েছে।

এর আগে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছিল, তারা রাতভর তাদের আকাশসীমায় ছোড়া ১০টি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

চলতি মাসের শুরুতে নিখোঁজ হওয়া এক মার্কিন নৌবাহিনীর পাইলটকে মৃত ঘোষণা করার পর এই সংঘাতে দেশটির নিহত সেনার সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।

শনিবার এক বিবৃতিতে সেন্টকম বলেছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দুই সেনা নিহত হয়েছেন। এ ছাড়া একজন সেনা বর্তমানে নিখোঁজ রয়েছেন।

সেনা নিহতের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন, বীরেরা। তোমাদের এই আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বরাতে জানিয়েছে, শনিবার ভোরে জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে অন্তত দুটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, এ বিষয়ে সেন্টকমের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো বিস্তারিত তথ্য দিতে রাজি হয়নি।

সূত্র: বিবিসি

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading