পুশ ইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
উত্তরদক্ষিণ। সোমবার (২০ জুলাই) ২০২৬, আপডেট ২১:৫০
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মাদক ও অস্ত্র চোরাচালান, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা জোরদার করার পাশাপাশি সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখুন।’
সোমবার (২০ জুলাই) ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শনকালে বিজিবি সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী এই নির্দেশনা দেন।
এর আগে আজ বেলা ১১টায় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি সদর দপ্তরে পৌঁছলে বিজিবির একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
পরে তিনি বিজিবির অপারেশনাল, প্রশিক্ষণ, প্রশাসনিক এবং চলমান উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ব্রিফিং গ্রহণ করেন।
পিলখানাস্থ শহীদ শাকিল আহমেদ হলে অনুষ্ঠিত একটি মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি সদস্যদের দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান।
ইউডি/এবি

