শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটিতে রাজনীতিকরা কেন অযোগ্য নয়: হাইকোর্ট
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, আপডেট ১০:০০
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক দলের পদধারী বা সম্পৃক্ত ব্যক্তিদের কেন অযোগ্য ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে এসব কমিটিতে স্থানীয় শিক্ষানুরাগী, অবসরপ্রাপ্ত শিক্ষক, সমাজসেবক, মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, আইনজীবী ও চিকিৎসকদের মতো বিশিষ্ট নাগরিকদের অন্তর্ভুক্তির সুযোগ নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
পাশাপাশি এ বিষয়ে একটি বিচারিক নির্দেশনা (জুডিশিয়াল গাইডলাইন) কেন জারি করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।
সোমবার (২০ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. নাদির খান ও মো. সোহেল রানা।
শুনানি শেষে রিটকারী পক্ষের আরেক আইনজীবী মো. নাদির খান বলেন, ‘বিদ্যমান বিধিমালা সংশোধন করে যারা রাজনৈতিক পদ ধারণ করেন, তাদের কেন এই কমিটিতে নির্বাচন, মনোনয়ন বা অনুমোদনের ক্ষেত্রে অযোগ্য (ইনএলিজিবল) ঘোষণা করা হবে না— রুলে তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি আমরা বলেছি, সমাজে যারা শিক্ষানুরাগী, অবসরপ্রাপ্ত শিক্ষক, সমাজকর্মী, মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, আইনজীবী, চিকিৎসক এবং বিশিষ্ট নাগরিক আছেন, তাদের কেন কমিটিতে রাখা হবে না- এসব বিষয়ে আদালত যাতে একটি ‘জুডিশিয়াল গাইডলাইন’ দেন, আমরা সেই আর্জিও জানিয়েছিলাম। মূলত এর ওপর ভিত্তি করেই রুলটি হয়েছে।’
এর আগে গত ৭ জুন রুবেল মিয়া নামের এক অভিভাবকের পক্ষে জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী নাদির খান।
রিট আবেদনে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪’–এর ৭ নম্বর বিধি সংশোধন অথবা সব শিক্ষা বোর্ডের জন্য নতুন বিধিমালা প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়।
আবেদনে বলা হয়, রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত বা দলীয় পদধারী ব্যক্তিদের এসব কমিটিতে অন্তর্ভুক্তি শিক্ষাপ্রতিষ্ঠানের নিরপেক্ষতা, জবাবদিহি ও সুশাসনের প্রশ্নে বিতর্ক সৃষ্টি করতে পারে। তাই এসব কমিটিতে সমাজে গ্রহণযোগ্য, শিক্ষানুরাগী ও সৎ ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটিকে দলীয় রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা গেলে শিক্ষা প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন আরও শক্তিশালী হবে বলে মনে করেন রিটকারী আইনজীবীরা।
ইউডি/কেএস

