চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি নামল ২.২২ শতাংশ
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, আপডেট ০৯:২০
২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ২ দশমিক ২২ শতাংশে।
আগের অর্থবছরের একই প্রান্তিকে এ হার ছিল ৪ দশমিক ৫৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি কমেছে ২ দশমিক ৩১ শতাংশ। এ সময়ে শিল্প খাতের প্রবৃদ্ধি ঋণাত্মক পর্যায়ে নেমে এসেছে।
সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের জিডিপির সাময়িক হিসাব প্রকাশ করেছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৯৬ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে তা কমে দাঁড়ায় ৩ দশমিক শূন্য ৩ শতাংশে। তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি আরো কমে হয় ২ দশমিক ২২ শতাংশ। চলতি মূল্যে এ সময় জিডিপির আকার দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৯১ বিলিয়ন টাকা।
তিনটি প্রধান খাত—কৃষি, শিল্প ও সেবা—সবগুলোতেই প্রবৃদ্ধি কমেছে। তৃতীয় প্রান্তিকে কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৭৪ শতাংশ এবং সেবা খাতের প্রবৃদ্ধি ৩ দশমিক ৫২ শতাংশ। সবচেয়ে বেশি দুর্বল হয়েছে শিল্প খাত, যেখানে প্রবৃদ্ধি নেমে এসেছে ঋণাত্মক শূন্য দশমিক ২৮ শতাংশে। অথচ অর্থবছরের প্রথম প্রান্তিকে এ খাতের প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৮২ শতাংশ, যা তিন খাতের মধ্যে সর্বোচ্চ ছিল।
ইউডি/কেএস

