দিল্লিতে ফের নামলেন আন্দোলনকারীরা: লড়াই চালিয়ে যাওয়ার বার্তা
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, আপডেট ১২:৫৯
ইন্ডিয়ার রাজধানী দিল্লিতে আবারও আন্দোলনে নেমেছেন বিক্ষোভকারীরা। সোমবার (২০ জুলাই) পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ, লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের পর মঙ্গলবার (২১ জুলাই) সকালে আবারও বিক্ষোভস্থলে জড়ো হন আন্দোলনকারীরা।
এদিকে আন্দোলনকারীদের দাবিদাওয়া নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেও সেখানে কোনও প্রতিশ্রুতি মেলেনি বলে জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এমন অবস্থায় বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।
সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সোমবারের বিক্ষোভ ও পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের পর দিল্লির যন্তর মন্তরের মঞ্চ ও তাঁবু সরিয়ে দেয় পুলিশ। তবে মঙ্গলবার সকালে বিক্ষোভকারীরা আবারও সেখানে জড়ো হয়ে স্থানটির নিয়ন্ত্রণ নেয়।
মূলত সিজেপির আহ্বানে সাড়া দিয়ে মঙ্গলবার ভোর থেকেই আন্দোলনকারীরা যন্তর মন্তরে আসতে শুরু করেন। সেখানে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) সদস্য মোতায়েন রয়েছে।
এর আগে সোমবারের ‘সংসদ চলো’ কর্মসূচিতে হাজারো শিক্ষার্থী রাস্তায় নেমে এলে দিল্লিতে নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়। এতে বিশৃঙ্খলা, পুলিশ-বিক্ষোভকারী মুখোমুখি অবস্থান এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলে। পুলিশ জানায়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করা হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা সংসদ ভবনের কয়েক মিটারের মধ্যে পৌঁছে যান। এ ঘটনায় ১০০ জনের বেশি পুলিশ সদস্য এবং ৬০ জনের বেশি বিক্ষোভকারী আহত হয়েছেন।
পুলিশ আরও জানায়, সোমবারের কর্মসূচি থেকে প্রায় ৭০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। সহিংসতা ও ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এক বিবৃতিতে দিল্লি পুলিশ দাবি করেছে, বিক্ষোভকারীরা ‘উচ্ছৃঙ্খল, আক্রমণাত্মক ও সহিংস’ আচরণ করেছেন। বারবার সতর্ক করা এবং আইনসম্মত নির্দেশনা দেয়ার পরও তারা সরে যেতে অস্বীকৃতি জানান এবং নিষেধাজ্ঞা অমান্য করেন।
ইউডি/রেজা

