মন্ত্রণালয়ের অনুমতি পেলেই শুরু হবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

মন্ত্রণালয়ের অনুমতি পেলেই শুরু হবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, আপডেট ১৩:৪০

বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত থাকা ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা নেওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছে বোর্ড। তবে পরীক্ষা পুনরায় শুরুর জন্য শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে তারা।

মন্ত্রণালয়ের অনুমতি পেলেই স্থগিত পরীক্ষাগুলো শুরু করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে তিনি জানান, বর্তমানে পরীক্ষা গ্রহণের মতো পরিস্থিতি রয়েছে। তিনি বলেন, “আমরা আন্তঃশিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমতি দিলে পরীক্ষা শুরু করা হবে।”

এর আগে বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার অবস্থা, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিষয় এবং পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের সমস্যা বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা স্থগিত করা হয়।

গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ড পৃথক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের অবস্থা এবং ক্ষতিগ্রস্ত সড়কের কারণে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতে সৃষ্ট দুর্ভোগ বিবেচনা করে পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার পাশাপাশি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষাও স্থগিত রয়েছে।

স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে বোর্ড জানিয়েছে।

এদিকে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলার বাইরে অন্যান্য শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রয়েছে।

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। সারাদেশে মোট পরীক্ষাকেন্দ্র রয়েছে ২ হাজার ৬৯৭টি। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের ১ হাজার ৬২৬টি, মাদরাসা শিক্ষা বোর্ডের ৪৬১টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ৬১০টি কেন্দ্র রয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ হাজার ৬৮৮ জন। সারাদেশে সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে, যেখানে অংশ নিচ্ছে ৩ লাখ ৩৯৩ জন পরীক্ষার্থী।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading