মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২১ জুলাই) ২০২৬, আপডেট ২৩:০০
ইন্ডিয়ার রাজধানীতে মঙ্গলবার নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে বিরোধী দল কংগ্রেসের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। প্রশ্নফাঁসের ঘটনার প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের দিকে যাওয়া এই বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার পর কংগ্রেসের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ও কংগ্রেসের নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকেও আটক করা হয়েছে।
ককরোচ জনতা পার্টির (সিজেপি) সংসদ অভিমুখে পদযাত্রার পরদিন কেন্দ্রের ওপর চাপ বাড়াতে মঙ্গলবার দুপুরে রাহুলের সঙ্গে যোগ দেন মল্লিকার্জুন খাড়গে ও প্রিয়াঙ্কা গান্ধী। তারা কংগ্রেস সভাপতির বাসভবন মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যাত্রা করেন। নজিরবিহীনভাবে একপর্যায়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বিক্ষোভস্থলে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন। তবে এর কয়েক ঘণ্টা পর বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
রাহুল গান্ধী রাস্তায় বসে অবস্থান নেন এবং সরতে অস্বীকৃতি জানালে অন্তত ১০ জন পুলিশ সদস্য তাকে ঘিরে ফেলেন। একপর্যায়ে তাকে টেনেহিঁচড়ে সরিয়ে নেওয়া হয় এবং তার নাক দিয়ে রক্ত পড়তে দেখা যায়।
বিক্ষোভ ছত্রভঙ্গ হওয়ার আগে একাধিক সূত্র জানিয়েছিল, রাহুল গান্ধী সারা রাত এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। একই সঙ্গে তিনি সাধারণ মানুষকে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে তার সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
ইউডি/এবি

