ই-রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর, দ্রুত দাখিলে কর ছাড়

ই-রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর, দ্রুত দাখিলে কর ছাড়

উত্তরদক্ষিণ। বুধবার, ২২ জুলাই, ২০২৬, আপডেট ১৩:৫১

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

একই সঙ্গে চলতি করবর্ষ থেকে অধিকাংশ ব্যক্তিশ্রেণির করদাতার জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নীট প্রদেয় করের ওপর ৫ শতাংশ পর্যন্ত প্রণোদনা পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২২ জুলাই) এনবিআরের আয়োজিত এক সভায় এ তথ্য জানানো হয়।

এনবিআর জানায়, করসেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে ২২ জুলাই থেকে ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু করা হয়েছে। করদাতারা এনবিআরের ই-ট্যাক্স প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই আয়কর রিটার্ন প্রস্তুত, দাখিল এবং কর পরিশোধ করতে পারবেন।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২১ সালে অনলাইন রিটার্ন ব্যবস্থা চালুর পর থেকে এটি করদাতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা ই-রিটার্নের মাধ্যমে সফলভাবে আয়কর রিটার্ন জমা দিয়েছেন।

এনবিআর জানায়, বিশেষ আদেশের মাধ্যমে সকল স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার প্রতিনিধিরা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা কাগজে রিটার্ন দাখিল করতে পারবেন।

এছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত জটিলতার কারণে কেউ অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন নিয়ে পেপার রিটার্ন জমা দিতে পারবেন।

এনবিআরের ই-ট্যাক্স প্ল্যাটফর্মে ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কর পরিশোধের সুবিধা রয়েছে। রিটার্ন দাখিলের পর করদাতারা তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করতে পারবেন।

অনলাইনে রিটার্ন দাখিলে কোনো সমস্যা হলে সরকারি কর্মদিবসে এনবিআরের কল সেন্টার (০৯৬৪৩৭১৭১৭১) এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সহায়তা পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থাটি।

এনবিআর আরও জানায়, ২০২৬-২০২৭ করবর্ষ থেকে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন দাখিল করলে নীট প্রদেয় করের ৫ শতাংশ হারে, সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে। তবে এই সময়সীমার পর দাখিল করা রিটার্নে প্রণোদনা প্রযোজ্য হবে না। আর ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।

এ কারণে নির্ধারিত সময়ের মধ্যেই আয়কর রিটার্ন দাখিলের জন্য করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading